তিনি দুই ইউনিয়নে ভোটার একটিতে সদস্য পদপ্রার্থী
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাল ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী হিসেবে ২ জুন মনোনয়নপত্র জমা দিয়েছেন শাহীন মাতুব্বর। খোঁজ নিয়ে জানা গেছে, শাহীন মাতুব্বর উপজেলার দুটি ইউনিয়ন কাইচাল ও পুরাপাড়ায় ভোটার হয়েছেন। দুই জায়গাতেই তাঁর দুটি পরিচয়পত্র, পেশা ও জন্ম তারিখ রয়েছে। কাইচাল ইউনিয়নের ভোটার তালিকা অনুযায়ী তাঁর নাম শাহীন মাতুব্বর, পিতা মৃত শুকুর মাতুব্বর, গ্রাম: পাঁচ কাইচাল। এই ইউনিয়নে তাঁর ভোটার নম্বর ০৩১৭। আইডি নম্বর ২৯০৬৬১০০০০৩১। পেশায় শ্রমিক। জন্ম তারিখ ১০ আগস্ট, ১৯৮২।পুরপাড়া ইউনিয়নের ভোটার তালিকা অনুযায়ী তাঁর নাম মো. শাহীন মাতুব্বর। পিতা মৃত শুকুর মাতুব্বর, গ্রাম: মেহেরদিয়া মজলিসপুর। ভোটার নম্বর ০০২৮। আইডি নম্বর ২৯০৭৭৬০১৬০৮১। পেশায় কৃষক। জন্ম তারিখ ১০ অক্টোবর, ১৯৮১।এলাকাবাসী সূত্রে জানা গেছে, তাঁর নিজ বাড়ি কাইচাল ইউনিয়নের পাঁচ কাইচাল গ্রামে। তিনি বিয়ে করেছেন পুরাপাড়া ইউনিয়নের মেহেরদিয়া মজলিসপুর গ্রামে।শাহীন মাতুব্বর বলেন, ‘আমার ওয়ার্ডে সদস্য পদে মাত্র একজন প্রার্থী হয়েছিল। আর কেউ না দাঁড়ালে সে সিলেকশন হয়ে যায়, তাই আমি প্রার্থী হয়েছি। আমি পেশায় একজন ব্যবসায়ী। নগরকান্দা বাজারে আমার মাংসের দোকান আছে।’জেলা নির্বাচন কর্মকর্তা জগন্নাথ সাহা প্রথম আলোকে বলেন, ‘ভোটার তালিকার নীতিমালা অনুযায়ী এক ব্যক্তির দুই জায়গায় ভোটার হওয়া শাস্তিযোগ্য অপরাধ। তবে দেখতে হবে, শাহীন মাতুব্বরের মূল ঠিকানা কোথায়? তিনি যদি প্রকৃত ঠিকানায় প্রার্থী হন, তবে তাঁর মনোনয়ন বাতিল করার সুযোগ নেই। ৮ ও ৯ জুন মনোনয়নপত্র বাছাই করা হবে।’