নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে দুবার পদত্যাগ করতে চেয়েছিলেন বিদায়ী নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। গতকাল মঙ্গলবার বিদায়ের আগে সাংবাদিকদের তিনি এ কথা জানান। সংবিধান অনুযায়ী গতকাল এম সাখাওয়াত হোসেনের মেয়াদ শেষ হয়। একমাত্র নির্বাচন কমিশনার হিসেবে এম সাখাওয়াত ইসিতে যোগদান ও বিদায়ের সময় সম্পদের হিসাব গণমাধ্যমে প্রকাশ করেন।এম সাখাওয়াত জানান, কমিশনের দৃঢ়তার কারণে নবম সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হয়েছিল। তাঁর মতে, কাজী রকিব উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান ইসির সামনে প্রতিটি নির্বাচনই চ্যালেঞ্জ। বিদ্যমান ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচন করা কঠিন। বাইরের হস্তক্ষেপ থেকে মুক্ত থাকতে পারলে নির্বাচন সুষ্ঠু হবে। এম সাখাওয়াত বলেন, ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় নবম সংসদের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ নিয়ে ইসিকে বেশ চাপের মধ্যে পড়তে হয়েছিল। তিনি বলেন, ‘সরকারের ভেতরের দুটি অংশ এবং রাজনৈতিক দলের চাপ ছিল ইসির ওপর। যে কারণে আমি দুবার পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’ঢাকা সিটি করপোরেশন নির্বাচন করতে না পারায় নিজের মধ্যে অতৃপ্তি কাজ করছে বলে জানান এম সাখাওয়াত। তিনি বলেন, সরকার ছয় মাস আগে ডিসিসি ভাগের সিদ্ধান্ত নিলে নির্বাচন করা যেত।