অধ্যাপক জামাল নজরুল ইসলামের নোবেল পুরস্কার পাওয়ার সব যোগ্যতা ছিল। কিন্তু তিনি দেশের টানে সব ছেড়ে এখানে চলে আসেন। তাঁর মতো এত বড় আলোকিত মানুষ বাংলাদেশে কম দেখা যায়। রাষ্ট্রীয়ভাবে কিছু স্বীকৃতি তিনি পেয়েছেন। তবে তা যথেষ্ট নয়। দেশের প্রতি বিরল এই ভালোবাসার জন্য তাঁর আরও স্বীকৃতি পাওয়া উচিত। সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ও গণিতবিদ প্রয়াত অধ্যাপক জামাল নজরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এসে গতকাল শুক্রবার এসব কথা বললেন বক্তারা। জামাল নজরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য রাশিয়ান বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র এবং বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন যৌথভাবে এক স্মরণসভার আয়োজন করে। স্মরণসভায় বক্তব্য দেন নঈম চৌধুরী, মফিজউদ্দিন আহমেদ, আরশাদ মোমেন, আবু সালেহ মো. নুরুজ্জামান প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মফিজউদ্দিন আহমেদ। তিনি জামাল নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর। তবে জামাল নজরুলের মতো এত বড় মাপের বিজ্ঞানীর জন্য এটা সঠিক জায়গা কি না, আমরা সেটা ভাবতাম। তিনি দেশকে গড়তে এসেছিলেন। কিন্তু আমরা সর্বাত্মক সহায়তা দিতে পারিনি।’ জামাল নজরুলের গড়া গণিত ও ভৌত বিজ্ঞান ইনস্টিটিউটের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন আজাদ চৌধুরী। স্মরণসভার পর অতিথিরা আবু সালেহ মো. নুরুজ্জামানের গাণিতিক জ্যোতির্বিজ্ঞান বইটির মোড়ক উন্মোচন করেন।অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, জামাল নজরুল পদার্থবিদ হলেও বিজ্ঞানের সব শাখাতেই তাঁর বিচরণ ছিল। শুধু বিজ্ঞান নয় শিল্প, সাহিত্য ও এ দেশের মানুষের আর্থসামাজিক ও রাজনৈতিক বিষয়ও তাঁর চর্চার মধ্যে ছিল। এত বড় মাপের একজন মানুষ যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ছেড়ে রাজধানী ঢাকা নয়, চট্টগ্রামে ঘাঁটি গাড়েন। মানুষ হিসেবে তিনি ছিলেন অনন্য। সব মানুষের দুঃখ-কষ্টে ঝাঁপিয়ে পড়তেন। সবার ডাকেই তিনি সাড়া দিতেন।