তিনি নামের 'কাঙাল', স্ত্রী সম্পদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. আব্দুস শহীদ
মো. আব্দুস শহীদ

১০০ ভরি সোনা। নগদ টাকা চার লাখ। বন্ড-ঋণপত্র ও শেয়ার এক লাখ ৩৬ হাজার ২৬৮ টাকা। অকৃষিজমির পরিমাণ এক লাখ ২০ হাজার টাকা। এই সম্পদ উম্মে কুলসুমার। তিনি মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ একাংশ) আসনের সাংসদ ও জাতীয় সংসদের চিফ হুইপ মো. আব্দুস শহীদের স্ত্রী।
অথচ পাঁচ বছর আগেও গৃহিণী স্ত্রীর কোনো সম্পদ ছিল না। এই সময়ে স্ত্রীর সঙ্গে চিফ হুইপেরও আয়, অস্থাবর ও স্থাবর সম্পত্তি বেড়েছে দুই কোটি ৮৫ লাখ ৩৮ হাজার ৪৪৯ টাকার। কেবল সম্পদ নয়, নামকরণেরও ‘কাঙাল’ তিনি। তাঁর সংসদীয় এলাকায় সরকারি টাকায় নির্মিত দুটি সেতু ও সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণ হয়েছে নিজের নামে।
২০০৮ সালে এবং এবারের সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে আব্দুস শহীদের জমা দেওয়া হলফনামা এবং প্রথম আলোর অনুসন্ধান থেকে এসব তথ্য পাওয়া গেছে। এসব বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার তাঁর মুঠোফোন এবং তাঁর সহকারী একান্ত সচিবের (এপিএস) ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।
এবার হলফনামায় পেশায় সংসদ সদস্য হিসেবে চিফ হুইপ বার্ষিক আয় ৪৯ লাখ ২৪ হাজার ৭৪০ টাকা উল্লেখ করেছেন। এর মধ্যে বেসরকারি বিভিন্ন কোম্পানি থেকে সম্মানী ভাতার পরিমাণ আট লাখ ৪৫ হাজার ২০০ টাকা। গতবার বার্ষিক আয় ছিল দুই লাখ ৫৯ হাজার টাকা। আর পেশা ছিল ‘কৃষি ও ব্যবসা’। অস্থাবর সম্পদ দেখানো হয়েছিল ৬৬ লাখ ৮০ হাজার ৬৫৭ টাকার। এবার তাঁর অস্থাবর সম্পদ তিন কোটি ২৩ লাখ ৫৪ হাজার ছয় টাকা। পাঁচ বছরে বেড়েছে দুই কোটি ৫৬ লাখ ৭৩ হাজার ৩৪৯ টাকা। স্থাবর সম্পত্তি ২০০৮ সালে ছিল ২০ লাখ চার হাজার ৫০ টাকা। এবার তা ৪৮ লাখ ৬৯ হাজার ১৫০ টাকা। বেড়েছে ২৮ লাখ ৬৫ হাজার ১০০ টাকা।
সম্পদ বাড়লেও চিফ হুইপের বাড়ির আসবাব ও ইলেকট্রনিকস সামগ্রীর পরিবর্তন হয়নি। দুইবারের হলফনামাতেই তিনি ইলেকট্রনিকস সামগ্রী ৪০ হাজার টাকা ও আসবাবের দাম উল্লেখ করেছেন ১৫ হাজার টাকা।
২০০৮ সালের হলফনামা থেকে জানা যায়, হবিগঞ্জের জগদীশপুরে গ্লোবাল লিংক লিমিটেড নামের ব্যবসাপ্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন আব্দুস শহীদ। তাঁর ব্যবসা ও বিদেশ ভ্রমণকালীন আয় মোট দুই লাখ ৪৪ হাজার টাকা। এবার কেবল ব্যবসা থেকে আয় ৩৮ লাখ টাকা। গতবারের হলফনামায় ২২ বোরের ২২ হাজার টাকার দামের পিস্তলের উল্লেখ থাকলেও এবার তা নেই।
গতবার অস্থাবর সম্পদের মধ্যে নিজ নামে নগদ ১১ লাখ ৮৬ হাজার ৭৫৫ টাকা ছিল। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৫০ হাজার ৭০২ টাকা, দু্ই লাখ ৮৯ হাজার টাকার শেয়ার, ৫০ লাখ দুই হাজার ২০০ টাকা দামের দুটি মোটরগাড়ি, নিজের সোনা ছিল ২৫ তোলা (দাম ৭৫ হাজার টাকা)। স্থাবর সম্পদ হিসেবে ৫০ হাজার টাকার ৭২ শতক কৃষিজমি, দুই লাখ ৫০ হাজার ৭০০ টাকার ৭ দশমিক ৭৩৫ একর অকৃষিজমি, ১৭ লাখ তিন হাজার ৩৫০ টাকার রাজউকের পাঁচ কাঠার প্লটের উল্লেখ রয়েছে।
এবার কৃষি খাত থেকে আয় দেখানো হয়েছে ১৬ হাজার টাকা। শেয়ার-সঞ্চয়-ব্যাংক আমানত থেকে দুই লাখ ৩৬ হাজার ৫৪০ টাকা, সংসদ সদস্য ও বেসরকারি কোম্পানি থেকে সম্মানী ভাতা বাবদ আয় আট লাখ ৪৫ হাজার ২০০ টাকা।
অস্থাবর সম্পদের মধ্যে নগদ এক কোটি ২০ লাখ টাকা, ব্যাংকে ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ২৪ লাখ ৭৩ হাজার ২০৬ টাকা ৫৩ পয়সা, বন্ড-ঋণপত্র-স্টক এক্সচেঞ্জে এক কোটি ১২ লাখ ৮০ হাজার ৫০০ টাকা, সঞ্চয়পত্র ও স্থায়ী আমানতে বিনিয়োগ দুই লাখ টাকা, ৫৮ লাখ ৮০ হাজার ৩০০ টাকা দামের একটি মোটরগাড়ি ও ২৫ ভরি সোনার উল্লেখ রয়েছে। তাঁর ‘বৈদেশিক দান’ রয়েছে তিন লাখ ৯০ হাজার টাকা।
স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে ১১ লাখ ৮৩ হাজার টাকার পাঁচ একর সাত শতক কৃষিজমি, ১৫ লাখ ৫৭ হাজার ৮০০ টাকার অকৃষিজমি, এক লাখ টাকার একটি আধা পাকা বাড়ি, ১৭ লাখ তিন হাজার ৩৫০ টাকার ঢাকার উত্তরায় প্লট, নয় একর জমির বাগানবাড়ির অর্জনকালীন মূল্য তিন লাখ ২৫ হাজার টাকা।
পাঁচ বছর আগে আব্দুস শহীদের দায়-দেনা ছিল ‘জামানতবিহীন ব্যাংকঋণের দায়’ মাত্র আট লাখ টাকা। এবার দায় বেড়ে হয়েছে ৯০ লাখ টাকা। হলফনামায় একে তিনি ‘ব্যক্তিগত দায়’ উল্লেখ করেছেন।