সেলিনা বাহার জামান ঠিক নারীবাদী আন্দোলন করেছেন, এমনটি বলা যাবে না। যেসব মানুষের কথা আমরা ভুলে যেতে পারি বা ভুলে যাচ্ছি, তাঁদেরকে তিনি বারবার সামনে তুলে আনার চেষ্টা করেছেন। নিজেকে আড়ালে রেখে অন্যের জয়গান গেয়েছেন। এটাই তাঁর সবচেয়ে বড় সার্থকতা।গতকাল শনিবার সেলিনা বাহার জামান সপ্তম স্মারক বক্তৃতা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে সেলিনা বাহার জামান স্মৃতি পরিষদ এ আয়োজন করে।অনুষ্ঠানে নারী, গণিত ও সাহিত্য শীর্ষক স্মারক বক্তৃতা দেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। মূল বক্তব্যে তিনি বলেন, সেলিনা বাহার জামান শিক্ষার বিষয় হিসেবে গণিত নির্বাচন করেছিলেন ঠিকই, কিন্তু সাহিত্য ও সামাজিক ভাবনার নানা বিষয় আলোকিত করে রেখেছিল তাঁর মনন ও চেতনাকে। গভীর ভাবনায় তিনি সে কাজগুলো করেছেন। সেলিনা বাহার জামানের ছাত্রী ছিলেন কবি কাজী রোজী। অনুষ্ঠানে শিক্ষককে নিয়ে নিজের লেখা কবিতা পাঠ করেন তিনি। আরও কবিতা পাঠ করেন আবৃত্তিকার ইকবাল বাহার চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোবাশ্বেরা খানম।