তিনি প্রদর্শক, তিনিই সাংসদের এপিএস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোস্তাফিজার রহমান গাইবান্ধার জয়েনপুর আদর্শ কলেজের রসায়ন বিভাগের প্রদর্শক। পাশাপাশি তিনি গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্যাপুর) আসনের জাপাদলীয় (এরশাদ) সাংসদ টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর এপিএস। সাংসদ র্দীঘদিন ধরে ওই কলেজ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। মোস্তাফিজার মাসে দু-একবার কলেজে এসে হাজিরা খাতায় পুরো মাসের সই দিয়ে যান। এভাবে কাজ না করেও তিনি নিয়মিত সরকারি বেতন-ভাতা নিচ্ছেন। অধ্যক্ষ আশরাফ-উল-ইসলাম বলেন, সারা মাস অনুপস্থিত থেকে এক দিন এসে স্বাক্ষর করা অনিয়ম। কিন্তু আমাদের করণীয় কিছু নেই। বাধা দিলে নানা ধরনের হুমকি আসে। সাংসদের ভয় দেখিয়ে প্রভাব বিস্তার করেন। কারণ, তিনি সাংসদের এপিএস। তাই তাঁর এই অনিয়ম মুখ বুঝে সহ্য করতে হচ্ছে। তিনি আরও বলেন, ফজলে রাব্বী গাইবান্ধা-৩ আসন থেকে জাতীয় পার্টির টিকিটে টানা পাঁচবার সাংসদ নির্বাচিত হয়ে আসছেন। জয়েনপুর আদর্শ কলেজ প্রতিষ্ঠার পর থেকে বেশির ভাগ সময়ই তিনি কলেজ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। অবশ্য ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি কলেজ পরিচালনা কমিটির মেয়াদ শেষ হয়। তারপরও মোস্তাফিজার কলেজে অনুপস্থিত থাকছেন। কলেজের বিজ্ঞান শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র সাদুল্যাপুর উপজেলার নিয়ামতনগর গ্রামের জাহিদুল ইসলাম ও বড়ছত্রগছা গ্রামের মোস্তাফিজুর মিয়া জানান, দুই বছর এই কলেজে লেখাপড়া করলাম। এবার এইচএসসি পরীক্ষার ফরমও পূরণ করেছি। কিন্তু ক্যাম্পাসে এক দিন মাত্র মোস্তাফিজার স্যারকে দেখেছি। কলেজের রসায়ন বিভাগের প্রভাষক তৌহিদুল ইসলাম বলেন, ‘আমি ২০০২ সালে চাকরিতে যোগদানের পর থেকে তাঁকে কলেজে তেমন একটা দেখিনি। কেবল বেতন নেওয়ার আগে কলেজে এসে উপস্থিতির স্বাক্ষর করেন। ফলে পাঠদানের পাশাপাশি আমাকেই ব্যবহারিক ক্লাস নিতে হচ্ছে।’ সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান বলেন, ‘মোস্তাফিজার এপিএস হিসেবে সাংসদের নানা কাজ নিয়ে সর্বক্ষণিকভাবে ব্যস্ত থাকেন।’ অভিযুক্ত মোস্তাফিজার রহমান সাংসদের প্রভাব খাটিয়ে কলেজে অনুপস্থিত থেকে বেতন তোলার অভিযোগ অস্বীকার করে বলেন, প্রদর্শকের কাজ কেবল পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের ব্যবহারিক পরীক্ষা নেওয়া; যা আমি নিয়মিত করছি। তিনি বলেন, ‘লোকজন অনেক কিছু বলতে পারে। কিন্তু আমি সাংসদের এপিএস নই। সাংসদ স্যার ডাকলে তাঁর কিছু কাজ করে দিই মাত্র। কিছু লোক আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’ সাংসদ ফজলে রাব্বী বলেন, মোস্তাফিজার কিছু দিন আমার এপিএসের দায়িত্ব পালন করেছেন। কিন্তু বর্তমানে তিনি এপিএস নন। তবে তিনি আমার অনেক কাজে সহযোগিতা করে থাকেন। কলেজে অনুপস্থিত থেকে বেতন তোলার বিষয়টি আমার জানা নেই। কলেজ সূত্র জানায়, ১৯৯৫ সালে স্থাপিত কলেজটি ২০০১ সালের ১ এপ্রিল এমপিওভুক্ত হয়। মোস্তাফিজার রহমানের ইনডেক্স নম্বর ৮৩২৭৪০।