তিনি নাম পাল্টে'বাংলাস্থান' করে দেবেন: শাজাহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধবিষয়ক ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘খালেদা জিয়া বলেছেন, তিনি গোপালগঞ্জের নাম পাল্টে দেবেন। তিনি শুধু তা করবেন কেন? বাংলাদেশের নাম পাল্টে তিনি বাংলাস্থান করে দেবেন।’

আজ মঙ্গলবার জাতীয় জাদুঘর মিলনায়তনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানদের সংগঠন এমটব আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী আজ এ কথাবলেন। সেখানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মাননা দেওয়া হয়। শাজাহান খান বলেন, আজকে বিএনপিকে ভর করতে হয় জামায়াতে ইসলামীর ওপর। তাদের কোনো মেরুদণ্ড নেই। কারণ, জেনারেল জিয়া ক্ষমতায় এসে বাংলাদেশ বেতারকে পাকিস্তানি ভাবধারায় রেডিও বাংলাদেশ করেছিলেন। ‘জয় বাংলা’ স্লোগানকে বাদ দিয়ে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ করেছিলেন।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশকে আফগানিস্তান ও পাকিস্তানে পরিণত করার ষড়যন্ত্র করা হচ্ছে, যেখানে বোমা ফুটবে, মানুষ মারা যাবে। এ ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। ৫ জানুয়ারি নির্বাচন হওয়ার মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে। তিনি  বলেন, নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র চলছে। যখন সারা দেশের মানুষ নির্বাচন নিয়ে উত্সব করবে তখন তাঁরা দেশের মানুষকে অবরুদ্ধ করার ব্যবস্থা করেছে। অবরোধ হয়েছে কার বিরুদ্ধে?

মেনন আরও বলেন, ‘আমরা সর্বশেষ তাঁদের “গণতন্ত্রের অভিযাত্রা”র কথা শুনলাম। খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে বললেন, সেই অভিযাত্রায় লাখ লাখ মানুষ আসবে। সেখানে হাজারও নয় ১০০ মানুষও খুঁজে পাওয়া যায়নি।’

অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সুশীল সমাজের অনেকে মাঝখানে হাঁটার চেষ্টা করছেন, তাঁদের বলতে চাই জঙ্গিবাদ দিয়ে গণতন্ত্র হয় না। সুতরাং, গণতন্ত্রের বাগান থেকে জঙ্গিবাদের আগাছা পরিষ্কার করতে হবে। একদিকে সংবিধান সমুন্নত রাখা, নির্বাচন অনুষ্ঠান করা, জঙ্গিবাদ দমন করা—এই তিনটিই আমাদের কাজ। তিনটি কাজ একসঙ্গে পালন করতে হবে, একটিকে বাদ দিয়ে আরেকটি নয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগসচিব আবু বক্কর সিদ্দিক, বিটিআরসির চেয়ারম্যান  সুনীল কান্তি বোস, ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন, এমটবের মহাসচিব নুরুল কবির, মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন, এম এ মাজেদ প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৩২৩ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মধ্যে সম্মাননা স্বরূপ একটি করে স্মার্টফোন ও তৃতীয় প্রজন্মের (থ্রিজি) সিম তুলে দেওয়া হয়।