তিনি বিদ্যালয়ে যান না কিন্তু বেতন তোলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের নতুন বাহেরচর মাদী গ্রামের জোতাশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমা খাতুন চুয়াডাঙ্গা শহরের বাড়িতে বসেই নিয়মিত বেতন-ভাতা তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, নাজমা খাতুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (ভারপ্রাপ্ত) স্ত্রী। তিনি নিয়মিত বিদ্যালয়ে যান না। শিক্ষক ও পরিচালনা পর্ষদ সূত্রে জানা গেছে, নাজমা খাতুন গত বছরের জুলাই মাসে যোগদানের পর থেকেই অনুপস্থিত রয়েছেন। প্রধান শিক্ষক নাজমা সুলতানা বলেন, নাজমা খাতুন বিদ্যালয়ে যোগদানের পর থেকেই ধারাবাহিকভাবে অনুপস্থিত রয়েছেন। মাঝেমধ্যে বিদ্যালয়ে এসে হাজিরা খাতাসহ অন্য কাগজপত্রে স্বাক্ষর করে যান। পরিচালনা পর্ষদের সভাপতি আখতারুজ্জামান বলেন, শিক্ষক নাজমা খাতুনের অনুপস্থিতির বিষয়টি শিক্ষা কর্মকর্তাদের জানিয়েও কোনো লাভ হয়নি। ওই শিক্ষকের স্বামী শিক্ষা কর্মকর্তা হওয়ায় স্থানীয় কর্মকর্তারা কোনো ব্যবস্থা নেন না। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, সহকারী শিক্ষক নাজমা খাতুনের বিষয়টি কেউ জানায়নি। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ সহকারী শিক্ষক নাজমা খাতুনের সঙ্গে যোগাযোগের জন্য তাঁর মুঠোফোনে কল করা হলে তাঁর স্বামী আলমডাঙ্গা উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ উল আলম ফোনটি ধরেন। তিনি বলেন, চুয়াডাঙ্গা থেকে কর্মস্থলের দূরত্ব বেশি হওয়ায় নিয়মিত বিদ্যালয়ে যাওয়া সম্ভব হয়নি। তা ছাড়া নাজমা খাতুন বর্তমানে সন্তানসম্ভবা। শিগগিরই মাতৃত্বকালীন ছুটির জন্য দরখাস্ত দেওয়া হবে।