কমরেড ফরহাদ ছিলেন স্বপ্নদ্রষ্টা। তিনি বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন। একই সঙ্গে জানতেন কীভাবে নানা রকম আন্দোলনকে একত্র করে বিপ্লবের পথ তৈরি করতে হয়। তিনি বেঁচে থাকলে বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলন এত বিভক্ত হতো না।
কমরেড মোহাম্মদ ফরহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক এম এম আকাশ এসব কথা বলেন। পঞ্চগড়ের বোদা পাইলট স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে গতকাল রোববার এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি হাসপাতালের সভাপতি রাশেদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও অংশ নেন মণি সিং-ফরহাদ ট্রাস্টের সদস্য আবুল কালাম আজাদ, দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম, সাংবাদিক ও কলামিস্ট বিভূরঞ্জন সরকার, দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান প্রমুখ।
এ ছাড়া বোদা উপজেলার বলরামহাটের কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি হাসপাতাল ‘বাল্য বিয়ে আর নয়’ স্লোগান নিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজন করে।
সাকোয়া বাজারে এক স্মরণসভার আয়োজন করে উপজেলা কমিউনিস্ট পার্টি। উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি দীপক কুমার দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম এম আকাশ, জেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম ও বোদা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নুর ইসলাম বক্তব্য দেন।