তিনি মুক্তিযোদ্ধা নাকি রাজাকার?
তাঁর দাবি তিনি মুক্তিযোদ্ধা। সাক্ষাৎকার দিতে হাজির হয়েছিলেন মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সামনে। কিন্তু রাজাকার সন্দেহে তাঁকে সোপর্দ করা হয় পুলিশে। গতকাল বুধবার চট্টগ্রামের পটিয়ায় এ ঘটনা ঘটে।
পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য আ ক ম সামশুজ্জামান চৌধুরী সাংবাদিকদের বলেন, আকতার মিয়া নামের এক ব্যক্তি গতকাল দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমি কার্যালয়ে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির কাছে সাক্ষাৎকার দিতে আসেন। সাক্ষাৎকারের সময় তাঁর কিছু কথায় কমিটির সদস্যদের সন্দেহ হয়। আকতার মিয়া তাঁর সাক্ষী হিসেবে তিনজন মুক্তিযোদ্ধার নাম দিয়েছিলেন। কিন্তু সাক্ষী নুরুল আবছার ও আবদুল গফুর আকতার মিয়াকে রাজাকার বলে উল্লেখ করেন। সে কারণে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আকতার মিয়া সাংবাদিকদের বলেন, ‘মুক্তিযোদ্ধাদের কাছে তথ্য সরবরাহের জন্য আমাকে রাজাকার সাজিয়ে পাকবাহিনীর কাছে পাঠানো হয়েছিল। পাকবাহিনীর সঙ্গে মাত্র তিন দিন ছিলাম। পরে মুক্তিযুদ্ধে অংশ নিই।’ আকতার মিয়ার বাড়ি পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের লালারখীল গ্রামে।
কমিটির সামনে আকতার মিয়াকে রাজাকার বললেও নুরুল আবছার চৌধুরী ও আবদুল গফুর সাংবাদিকদের বলেছেন ভিন্ন কথা। নুরুল আবছার সাংবাদিকদের বলেন, আকতার মিয়াসহ চারজন মুক্তিযোদ্ধা গোয়েন্দা হিসেবে রাজাকার বাহিনীর সঙ্গে কিছুদিন কাজ করেছে। মুক্তিযুদ্ধ চলাকালে খরনা রেলস্টেশনে এক অভিযানের সময় মুক্তিযোদ্ধাদের সংকেত পেয়ে তাঁরা চলে আসেন।
পটিয়া থানার এসআই আলমাস হোসেন জানান, আকতার মিয়াকে দুজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।