মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী দেশ ও দলের যেকোনো ক্রান্তিলগ্নে একজন কান্ডারির ভূমিকা পালন করেছিলেন। তৃণমূল থেকে উঠে এসে নেতৃত্ব দিয়েছিলেন জাতীয় রাজনীতিতে। তিনি রাজনীতি করতেন শান্তির, প্রতিহিংসার নয়। তাই তাঁর আদর্শকে লালন করে দেশকে সামনে এগিয়ে নিতে হবে।
গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে মিজানুর রহমান চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। মিজানুর রহমান চৌধুরী স্মৃতি সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘মিজানুর রহমান চৌধুরী ছিলেন পরমতসহিষ্ণু, আত্মমর্যাদাবোধসম্পন্ন উদার মনের মানুষ। তিনি বিশ্বাস করতেন সাংবিধানিক রাজনীতিতে।’ মন্ত্রী বলেন, ‘তাঁর রাজধানীর বাড়ি ছিল কর্মীদের অবাধ বিচরণক্ষেত্র। তিনি কর্মীদের খুব ভালোবাসতেন। তাঁর রাজনৈতিক দৃঢ়তা এখনো আমাকে অবাক করে।’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘মিজানুর রহমান ছিলেন অনেক উচ্চ মানের রাজনৈতিক নেতা। তৃণমূল থেকে রাজনীতি শুরু করে অবদান রেখেছিলেন জাতীয় পর্যায়ে। জাতিকে পথ দেখিয়েছেন আলোর দিকে।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর রাজনীতিতে বিশেষ অবদান রেখেছিলেন মিজানুর রহমান। কিন্তু এখন দেখা যাচ্ছে, পেট্রলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে চলছে রাজনীতি; যা সন্ত্রাসী কর্মকাণ্ড। তাই তাঁর আদর্শকে লালন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।’ অনুষ্ঠানে আইনজীবী এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।