তিনি লড়বেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আখতারুল আলম
আখতারুল আলম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক আখতারুল আলম। গতকাল বুধবার ধামইরহাটে উপজেলা পরিষদে সহকারী রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।

আখতারুল আলম আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন। কিন্তু এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নের চিঠি পেয়েছেন বর্তমান সাংসদ শহীদুজ্জামান সরকার।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর আখতারুল আলম বলেন, ‘আওয়ামী লীগের দীর্ঘদিনের একজন কর্মী হিসেবে দল থেকে নির্বাচন করতে চেয়েছিলাম। কিন্তু আমাকে দলীয় মনোনয়ন না দিয়ে বর্তমান সাংসদের ওপরেই আস্থা রেখেছে দল। এখন আমার মনোনয়নপত্র টিকে গেলে নির্বাচনের মাঠেই প্রমাণ হবে, কে বেশি জনপ্রিয়।’

এ আসনে লড়তে গতকাল দুপুরে পত্নীতলায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের প্রার্থী শহীদুজ্জামান সরকার।