তিনি শান্তির দূত কিন্তু কথাবার্তা সন্ত্রাসীর মতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ড. মুহাম্মদ ইউনূসের কথাবার্তা সন্ত্রাসীর মতো হয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সচিবালয়ে গতকাল বুধবার অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন। অর্থমন্ত্রী বলেন, ‘তিনি শান্তির দূত, কিন্তু তাঁর কথাবার্তা হয়ে গেছে সন্ত্রাসীর মতো।’

গত বৃহস্পতিবার এক নারী সমাবেশে শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন, ‘আমাদের বলতে হবে যে, যে এটাতে (গ্রামীণ ব্যাংক) হাত দেবে, আমরা সেই হাত ভেঙে দেব।’

আগামী রোববার গ্রামীণ ব্যাংক আইনের খসড়া বিল আকারে জাতীয় সংসদে উপস্থাপন করা হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

নির্বাচনের বছরে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধির (জিডিপি) হার কমে যাওয়ার প্রবণতা দেখা যায়, এ বছরও তেমন আলামত থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, নানা কারণে জিডিপির হার কমে যেতে পারে। তবে প্রত্যেক বাজেটই সংশোধন করা হয়। এবারও তাই হবে।

ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এটাই শেষ বৈঠক কি না, জানতে চাইলে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমি জানি না। আশা করছি, নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত বৈঠক হবে। তবে নতুন কোনো প্রকল্প গ্রহণ নাও হতে পারে।’

বর্তমান আমলে সরকারি ক্রয়প্রক্রিয়া খুবই স্বচ্ছ হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সরকার চলে গেলেও কারও পক্ষ থেকে মামলা করার কোনো সুযোগ নেই এবার।