তিনি শুধু মারেন না, টাকাও হাতিয়ে নেন
মেহেরপুরের গাংনী পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আহম্মদ আলী ভুয়া প্রকল্প দেখিয়ে ও বিভিন্ন প্রকল্পে অতিরিক্ত টাকা তুলে পছন্দের ঠিকাদারের মাধ্যমে ৮০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক তদন্তে টাকা আত্মসাতের বিষয়টি ধরা পড়েছে। অবশ্য মেয়রের দাবি, তিনি টাকা আত্মসাৎ করেননি।
ইতিপূর্বে দুর্নীতির অভিযোগ তুলে এই মেয়র পুলিশ, চিকিৎসক, শিক্ষক, জনপ্রতিনিধি, ইউএনও, সরকারি কর্মকর্তা, প্রকৌশলী, অধ্যক্ষ, নারী কর্মীসহ অনেককে মারধর ও লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ রয়েছে; যা প্রথম আলোতে ‘তিনি শুধুই মারেন’ শিরোনামে বিভিন্ন সময় প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
দুর্নীতির দায়ে মেয়রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে মন্ত্রণালয়ে ২০ পাতার একটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তাতে উল্লেখ আছে, ২০১০-১১ অর্থবছরে গাংনী পৌরসভায় বরাদ্দপ্রাপ্তিসহ আয় এক কোটি ৬২ লাখ ৪৭ হাজার ৭৯৩ টাকা। অথচ শুধু এডিবির ৫৯ স্কিমেই ব্যয় হয়েছে দুই কোটি ২২ লাখ ৭০ হাজার ৩৯২ টাকা এবং ভুয়া ১৬ প্রকল্পে আরও ২০ লাখ আট হাজার ৯১ টাকা ব্যয় দেখিয়ে মোট ৮০ লাখ ৩০ হাজার ৬৯০ টাকার দুর্নীতি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রণালয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিচালক-২ (যুগ্ম সচিব) ফজলুর রহমান ভূঁইয়া ও মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে নিয়ে গঠিত তদন্ত দলের প্রতিবেদনে বলা হয়েছে, কৃষি ক্লাব থেকে আসাদুলের বাড়ি পর্যন্ত বিএফএস রাস্তা নির্মাণে ৯২ হাজার টাকার দরপত্র ছিল। অথচ অতিরিক্ত কাজ দেখিয়ে ঠিকাদারকে দুই লাখ ১৬ হাজার টাকা দেওয়া হয়েছে। পশ্চিম মালসাদহের বারেকের বাড়ি থেকে জনির বাড়ি পর্যন্ত এইচবিবি রাস্তা নির্মাণে দুই লাখ ১১ হাজার টাকার বিপরীতে চার লাখ ৭৭ হাজার টাকা দেওয়া হয়েছে। গত ৬ এপ্রিল মন্ত্রণালয়ে দাখিল করা তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, মেয়র প্রতিটি কাজের বিপরীতে আয়কর, রাজস্ব ও জামানতের টাকা কেটে না রেখেই ঠিকাদারকে বিল দিয়েছেন। প্রতিটি প্রকল্পে তিনটি করে দরপত্র জমা দেখানো হয়েছে। যাকে সমঝোতা দরপত্র বলা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার কয়েকজন কর্মকর্তা জানান, কথা না শুনলে মেয়র তাঁদের মারধর করেন। ইজ্জতের ভয়ে কথা শুনতে গিয়ে এখন মেয়রের দুর্নীতির সঙ্গে তাঁদেরও অভিযুক্ত হতে হচ্ছে।
অভিযোগ প্রসঙ্গে আহম্মদ আলী জানান, আগের জেলা প্রশাসক মন্ত্রণালয়ে প্রভাব খাটিয়ে তাঁর বিরুদ্ধে এই তদন্ত করিয়েছেন। তদন্ত প্রতিবেদনে যা আছে, তা সত্য নয়। তিনি দাবি করেন, চলমান বিলসহ অনেক বিলে আয়কর, রাজস্ব কাটা লাগে না। নিজেদের প্রকৌশলী দিয়ে সব রাস্তা মাপা হয়েছে। তাতে দৈর্ঘ্য-প্রস্থ ঠিকই আছে। সে ক্ষেত্রে কাউকে অতিরিক্ত বিল দেওয়া হয়নি। জামানতের টাকা কেটে না রাখা, সিডিউল বিক্রির টাকা রাজস্ব খাতে জমা না দেওয়া সম্পর্কে জানতে চাইলে মেয়র কোনো সদুত্তর না দিয়ে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক), কুষ্টিয়া অঞ্চলের উপপরিচালক আবদুল গাফ্ফার জানান, গাংনীর মেয়রের দুর্নীতি তদন্তে প্রাথমিক কাজ হিসেবে দুদক ওই পৌরসভার কাউন্সিলরদের জবানবন্দী গ্রহণ শুরু করেছে।