তিনি সভাস্থল ত্যাগের পর শুরু হয় অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রশাসন গত বৃহস্পতিবার শিক্ষার মান নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে। সভায় উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিত হয়ে অনুষ্ঠানে আসেন মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ইজহার আহমেদ। তিনি বসেছিলেন সামনের সারিতে। এ দৃশ্য আহত করে স্থানীয় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে সভাস্থল ত্যাগের অনুরোধ জানান।সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত ওই সভার প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার জসিমউদ্দিন আহমেদ। বেলা ১১টার দিকে তিনি অনুষ্ঠানস্থলে এসে পৌঁছান। শিক্ষাঙ্গন চত্বরে নেচে-গেয়ে শিক্ষার্থীরা তাঁকে অভ্যর্থনা জানায়। এর আগেই মিলনায়তনে আমন্ত্রিত অতিথিদের আসনের প্রথম সারিতে এসে বসে পড়েন সৈয়দপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইজহার আহমেদ।প্রধান অতিথি যখন লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের অতিথিকক্ষে গিয়ে বসেন, তখনই তাঁকে বিষয়টি জানান ঘাতক দালাল নির্মূল কমিটি সৈয়দপুর শাখার আহ্বায়ক সাখাওয়াৎ হোসেন খোকন ও প্রজন্ম ’৭১-এর সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি মুজিবুল হক। এ সময় শহীদদের কয়েকজন সন্তানও ওই কক্ষে ঢুকে ইজহার আহমেদকে বহিষ্কারের দাবি জানান। অভিযোগ শুনে বিভাগীয় কমিশনার তাৎক্ষণিকভাবে ইউএনও সাবিনা আলমের কাছে ব্যাখ্যা চান। জবাবে ইউএনও জানান, একটি প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে তাঁকে ডাকা হয়েছে। পরে বিভাগীয় কমিশনার বিষয়টি সমাধানে মধ্যস্থতার দায়িত্ব দেন জেলা প্রশাসক ও ইউএনওকে। তাঁরা মিলনায়তনে গিয়ে ইজহার আহমেদকে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে অনুরোধ জানালে তিনি চলে যান। পরে অনুষ্ঠান শুরু হয়।ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক সাখাওয়াৎ হোসেন প্রথম আলোকে জানান, স্বাধীনতাযুদ্ধে ইজহার আহমেদ নিজের হাতে সৈয়দপুরের শত শত বাঙালি হত্যা করেছেন। এ অপরাধে দালাল আইনে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল। তাঁকে হাজতবাসও করতে হয়েছে স্বাধীনতার পর। অথচ সেই চিহ্নিত রাজাকারকে সৈয়দপুরের একটি বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত করা হয়েছে। তিনি অবিলম্বে ওই যুদ্ধাপরাধীকে গ্রেপ্তারের দাবি জানান।ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুরের ইউএনও সাবিনা আলম জানান, নাম দেখে কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হিসেবে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এ ব্যাপারে ইজহার আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।