তিনি সরকারি কর্মকর্তা, সরকারি দলেরও নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই সঙ্গে তিনি সরকারি কর্মকর্তা আবার সরকারি দলেরও নেতা। সোনালী ব্যাংকের রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা শাখায় কর্মকর্তার (অফিসার) দায়িত্বে আছেন তিনি। তবে সারা দিন ব্যস্ত থাকেন রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে। ব্যাংকের কাজে সময় দিতে পারেন না, যান শুধু সই করার জন্য।

নাম তাঁর ইদ্রিস আলী ফকির। বাড়ি উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রামে। তবে প্রায় ১০ বছর ধরে বাড়ি করে থাকছেন বালিয়াকান্দি শহরের পশ্চিমপাড়ায়। তিনি উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। বঙ্গবন্ধু পরিষদের রাজবাড়ী অঞ্চলের সভাপতি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতেও আছেন। শ্রমিক লীগে যোগ দেওয়ার আগে তিনি জাসদের রাজনীতি করতেন।

জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হান্নান মোল্লা প্রথম আলোকে বলেন, ‘ইদ্রিস সাহেব সংগঠনের প্রায় সব কর্মসূচিতে উপস্থিত থাকেন। আওয়ামী লীগের কর্মসূচি সফল করতে খুব অ্যাকটিভ থাকেন।’ কিন্তু সরকারি চাকরি করে কীভাবে রাজনৈতিক দলের সভায় উপস্থিত থাকেন, জানতে চাইলে আবদুল মান্নান বলেন, ‘হয়তোবা ব্যাংকের ম্যানেজারের কাছ থেকে ছুটি নিয়ে আসেন।’

উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবু তারেক বলেন, ১৯৯৫ সালে উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটি গঠিত হয়। ওই কমিটিতে ইদ্রিস আলী ফকিরকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। ২০০৪ সালের দিকে দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে ৪১ সদস্যের কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে তাঁকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এরপর নানা রাজনৈতিক কারণে যথাসময়ে সম্মেলন করা সম্ভব হয়নি।

সম্প্রতি বালিয়াকান্দি প্রেসক্লাব এলাকায় ইদ্রিস আলীর সঙ্গে দেখা হয়। তিনি তখন উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে বেরিয়ে আসছিলেন। জানতে চাইলে তিনি ওই সভায় অংশ নেওয়ার কথা অকপটে স্বীকার করেন। এর প্রায় আধা ঘণ্টা পর বালিয়াকান্দি সোনালী ব্যাংকের প্রধান প্রিন্সিপাল অফিসার আনোয়ার হোসেনের সঙ্গে তাঁর কার্যালয়ে কথা হয় এই প্রতিবেদকের। ইদ্রিস আলী ব্যাংকে আছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ইদ্রিস ব্যাংকে উপস্থিত আছেন। তাঁর সঙ্গে প্রেসক্লাব এলাকায় সাক্ষাতের বিষয়টি উল্লেখ করলে তিনি আর কোনো কথা বলেননি।

সোনালী ব্যাংকের আঞ্চলিক সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) এস এম কামাল উদ্দিন বলেন, ‘আমরা বাইরে থেকে এসেছি। তিনি স্থানীয় মানুষ। রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। তাঁকে নিয়ে আমার কিছু বলার নেই।’

মোট তিন দিন সোনালী ব্যাংকের ওই কার্যালয়ে গিয়ে ইদ্রিস আলীকে পাওয়া যায়নি। সর্বশেষ গতকাল বুধবার বেলা পৌনে ১১টায় ব্যাংকে গিয়ে তাঁকে পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকের একজন কর্মচারী বলেন, ইদ্রিস আলী ক্ষমতাসীন দল আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী নেতা। এ কারণে তাঁকে উপজেলার বাইরে কোথাও বদলি হতে হয় না। তিনি অফিসে আসেন সই করার জন্য। সারা দিন ব্যস্ত থাকেন রাজনৈতিক ও ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে। ব্যাংকের কোনো কর্মকর্তা তাঁর বিরুদ্ধে অভিযোগ করার সাহস পান না।

এ বিষয়ে ইদ্রিস আলী ফকির প্রথম আলোকে বলেন, রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকার কারণে ব্যাংকে তুলনামূলক কম সময় দেওয়া হয়। ব্যাংকের ঋণ আদায় করা বা রাজনৈতিক কারণে অনেক বিষয়ে ঝামেলা হয়। স্থানীয় অনেক জটিল বিষয় ব্যাংক কর্মকর্তারা সমাধান করতে হিমশিম খান। তিনি এসব বিষয় দেখেন। অল্প সময়ে সমাধান করেন। ব্যাংকের কার্যালয়ে সময় কম দিলেও এভাবে তিনি তা পুষিয়ে দেন বলে জানান।

সচেতন নাগরিক কমিটির রাজবাড়ী জেলা শাখার সভাপতি শংকর চন্দ্র সিনহা বলেন, অফিসের কাজ বাদ দিয়ে রাজনৈতিক দলের কর্মসূচি পালন করা বড় ধরনের অনিয়ম।