তিনি সর্বরোগ বিশেষজ্ঞ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবিক বিভাগে এসএসসি এবং বাণিজ্য বিভাগে এইচএসসি পাস করে চিকিৎসক হয়েছেন আবদুল কাইয়ুম! তিনি এমবিবিএসের সনদ সংগ্রহ করেছেন একটি ভুয়া প্রতিষ্ঠান থেকে। আর শিক্ষানবিশ চিকিৎসক (ইন্টার্নশিপ) হিসেবে কাজ করার সনদ দেখিয়েছেন এমন এক প্রতিষ্ঠানের, যার কোনো অস্তিত্বই নেই, কখনো ছিল না।
গতকাল সোমবার রাজধানীর রামপুরার একটি ওষুধের দোকানে বসে রোগী দেখার সময় আবদুল কাইয়ুমকে (৩০) হাতেনাতে ধরে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আর ভুয়া চিকিৎসককে সহায়তার অভিযোগে মোখলেসুর রহমান নামের ওই ওষুধের দোকানের মালিককে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর সাইনবোর্ড ও কার্ডে তিনি একাধারে নারী, শিশু, নবজাতক, চর্ম, চোখ, কিডনি, ডায়াবেটিস, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা ইত্যাদি সব রোগের বিশেষজ্ঞ বলে জানিয়েছেন।
আদালত পরিচালনা করেন র্যাবের ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা। তিনি বলেন, পশ্চিম রামপুরার উলন সড়কের হিরোসাকি ফার্মেসিতে দুই বছর ধরে রোগী দেখছিলেন কাইয়ুম। তিনি ‘প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি’ থেকে এমবিবিএস সম্পন্ন করে প্রিমিয়ার ইউনিভার্সিটি হাসপাতাল থেকে এক বছরের ইন্টার্ন করেছেন বলে সনদ দেখান। কিন্তু প্রিমিয়ার ইউনিভার্সিটি হাসপাতালের কোনো অস্তিত্বই নেই। আর যে কলেজ থেকে এমবিবিএস করেছেন সেটি সরকারের অনুমোদিত নয়। পাঁচ বছরের এমবিবিএস কোর্সে ভর্তি হলেও কাইয়ুম কখনো কোনো ক্লাসে অংশ নেননি। কিছু টাকার বিনিময়ে একটি সনদ নিয়ে ডাক্তারি করা শুরু করেছেন। ‘প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি’ অনুমোদন ছাড়া অবৈধভাবে এমবিবিএস কোর্সের বিজ্ঞাপন দিলে স্বাস্থ্য অধিদপ্তর গণবিজ্ঞপ্তি দিয়ে সবাইকে সতর্ক করে। কিন্তু তার পরও দুই শতাধিক ব্যক্তি এভাবে এমবিবিএস সনদ কিনে চিকিৎসা পেশা চর্চা করছেন। আবার তাঁরা নিজেরাই ভুয়া কাউন্সিল তৈরি করে নিজেদের চিকিৎসক হিসেবে নিবন্ধন দিয়েছেন।
আনোয়ার পাশা বলেন, তাঁর ভিজিটিং কার্ডে অনেকগুলো ডিগ্রির সংক্ষেপ করে লেখা। যার পুরো মানে তিনি নিজেও জানেন না।
র্যাব জানায়, আবদুল কাইয়ুম সাইনবোর্ডে নিজেকে নবজাতক, শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে দাবি করে মানুষকে চিকিৎসা দিচ্ছিলেন। তাঁর ফি ৩০০ টাকা।