সদ্য বিদায়ী মেয়র ও সিটি নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী মোহাম্মদ মনজুর আলমের বিরুদ্ধে ‘অনুরোধ’ না রাখায় আক্ষেপ প্রকাশ করলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। গতকাল শনিবার সকালে বন্দর প্রশিক্ষণ ইনস্টিটিউটে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বন্দরের ১২৮তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নৌমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বললেন, বন্দরের কাছে বেশ কিছু টাকা পাওনা আছে চট্টগ্রাম সিটি করপোরেশনের। আপনি টাকাটা সিটি করপোরেশনকে দিয়ে দেন। সিটি করপোরেশনের মেয়র মনজুর আলমকে এইখানে (বন্দর প্রশিক্ষণ ইনস্টিটিউট) এক চেকে ১১২ কোটি টাকা হস্তান্তর করেছিলাম। আমি তাঁকে অনুরোধ করেছিলাম, আপনি একটি ট্রাক টার্মিনাল তৈরি করেন। উনি ট্রাক টার্মিনাল করলেন না।’
তবে নির্বাচনী প্রচারণায় বিভিন্ন অনুষ্ঠানে মনজুর আলম সাংবাদিকদের জানান, করপোরেশন বন্দরের কাছে হোল্ডিং ট্যাক্স বাবদ আরও বেশি টাকা দাবি করেছিল। কিন্তু বন্দর ২০১২ সালে ১১২ কোটি টাকা দেয়। এটি করপোরেশনের পাওনা টাকা ছিল।
মন্ত্রী জানান, বন্দরের টাকায় ৫০০টি ট্রাক পার্ক করা যায় এম একটি ট্রাক টার্মিনাল করা হয়েছে। আরও একটি টার্মিনাল করা হবে। চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করা বন্দরের কাজ না হলেও প্রধানমন্ত্রীর নির্দেশে মাল্টিপারপাস ড্রেজার কেনা হয়েছে। জলাবদ্ধতা দূর হওয়ার জন্য মহেশ খালের ওপর স্লুইসগেটও নির্মাণের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার হাত শক্তিশালী হলে আরও উন্নয়ন দেখতে পাবেন। সেই বিষয়টি বিবেচনা করুন। আমরা আইট্টা (বিচিকলা) কলার গাছ লাগিয়ে সবরি কলা পাব না। সবরি কলার গাছ লাগিয়ে সবরি কলা পাই—এটিও বিবেচনা করতে হবে। সন্ত্রাসী, জঙ্গিদের ক্ষমতায় এনে আপনি সবরি কলা পাবেন না। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে।’
অনুষ্ঠানে বক্তব্য দেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম, বন্দর কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক ওয়াহিদ উল্লাহ সরকার। অনুষ্ঠানে বন্দরে কর্মরত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।