তিনিই ফার্মাসিস্ট, চিকিৎসক ও পরিচ্ছন্নতাকর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসা কর্মকর্তা ও উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা থেকেও নেই। এমএলএসএস পদটি ছয় মাস ধরে শূন্য। এ অবস্থায় টাঙ্গাইলের সখীপুর সদর উপস্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্টকে এখন সব দায়িত্ব সামলাতে হচ্ছে। আর কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যাচ্ছে রোগীরা।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১৯৬০ সালে স্থাপিত ওই উপস্বাস্থ্যকেন্দ্রে চারটি পদ রয়েছে।

এর মধ্যে চিকিৎসা কর্মকর্তা (এমবিবিএস) পদে কাগজে-কলমে অপু সাহা নামের একজন থাকলেও তিনি বেশির ভাগ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি (পাস) পরীক্ষারদায়িত্বে রয়েছেন। আর উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট) পদে গত ২৩ জুলাই যোগদান করেন মো. মোয়াজ্জেম হোসেন। কিন্তু যোগদানের পর থেকেই তিনি কর্মস্থলে অনুপস্থিত। এর বাইরে এমএলএসএস পদে মেহেদী হাসান নামের এক ব্যক্তি ছিলেন। ছয় মাস আগে তিনি মারা যান। এরপর ওই পদে অন্য কাউকে আর নিয়োগ দেওয়া হয়নি। ফলে বর্তমানে উত্তম কুমার সূত্রধর নামের একজন ফার্মাসিস্ট নিজেই চার দায়িত্ব সামলাচ্ছেন।

গত শনিবার সকাল ১০টার দিকে উপস্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায়, উত্তম কুমার কেন্দ্রের তালা খুলে ঝাড়ু হাতে নিয়ে মেঝে পরিষ্কার করছেন। কিছুক্ষণ পরই সেখানে আসেন নাছিমা নামের এক রোগী। তিনি পেটের ব্যথায় ভুগছেন। নাছিমাকে কিছু ওষুধ দিয়ে বিদায় করলেন উত্তম। এর কিছুক্ষণ পরে আসেন তুলা মিয়া। মাথাঘোরা সমস্যা নিয়ে এলেও রক্তচাপ মাপার যন্ত্র না থাকায় তাঁকে ফিরিয়ে দেওয়া হলো।

তুলা মিয়া বলেন, ‘রোগ জটিল মনে হওয়ায় আর বড় ডাক্তার না থাকায় আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’

উত্তম কুমার এ প্রতিবেদককে বলেন, প্রতিদিন তাঁকেই ৩০ থেকে ৪০ জন রোগী সামলাতে হয়। এর বাইরে উপস্বাস্থ্যকেন্দ্রপরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ অন্যান্য কাজ তো আছেই।

এদিকে উপজেলা সদরে হলেও এ কেন্দ্রে বিদ্যুৎ-সংযোগ নেই। প্রচণ্ড গরমে রোগীদের যেমন কষ্ট হয়, তাঁকেও ঘর্মাক্ত অবস্থায় কাজ করতে হয়।

গত রোববার জানতে চাইলে উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এক সপ্তাহ ছুটি কাটিয়ে রোববার থেকে তিনি কর্মস্থলে যোগদান করেছেন।

চিকিৎসা কর্মকর্তা অপু সাহা বলেন, ‘প্রয়োজনের তাগিদে আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্ব পালন করতে হয়। বর্তমানে আমাকে ডিগ্রি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব দেওয়া হয়েছে। তারপরও সময়-সুযোগ পেলে আমি ওই স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দায়িত্ব পালন করে থাকি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাফিউল করিম খান প্রথম আলোকে বলেন, ‘আমি সখীপুর উপজেলায় নতুন যোগদান করেছি। এরপর থেকে ওই কেন্দ্রে যাতে চারজনই দায়িত্ব পালন করেন, সে ব্যবস্থা করা হবে।’