তিনিই যৌতুকের ফাঁদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের বিয়েতে ২৬ হাজার টাকা যৌতুক নেন রাজশাহীর বাঘা উপজেলার দিঘা গ্রামের কামরুল ইসলাম (৩০)। পাঁচ বছরের সন্তানসহ সেই স্ত্রীকে তালাক দেন তিনি। এরপর তথ্য গোপন করে যৌতুকের জন্য কয়েক জায়গায় বিয়ে করার চেষ্টা ব্যর্থ হয়। আবারও বিয়ে করতে যান সাবেক স্ত্রীকেই। কিন্তু ফের যৌতুক দাবি করায় সাবেক স্ত্রী বিয়ের আসর থেকে উঠে যান। গত সোমবার রাতে বাঘা উপজেলার দিঘা গ্রামে এ ঘটনা ঘটে। এলাকার অনেকে জানান, কামরুল পেশায় একজন দিনমজুর। আট বছর আগে বিয়ে করেন তিনি। সেই ঘরে এক পুত্রসন্তানও আছে। গত নভেম্বরে তিনি স্ত্রীকে তালাক দেন। এর পর থেকে সন্তানকে নিয়ে ওই নারী তাঁর বাবার বাড়িতে আছেন। কামরুল কিছুদিন আগে মাইক্রোবাস ভাড়া করে চাঁপাইনবাবগঞ্জে বিয়ে করতে যান। তিনি মুঠোফোনে বলেন, ‘রহনপুরে বিয়ে করতে গেছিলাম। ওখানে ঘটক দুইটা বিয়ে ঠিক করেন। গাড়িভাড়াসহ সাড়ে চার হাজার টাকা খরচ হয়। ওরা ৩০ হাজার টাকা দিতে চাইছে। কিন্তু ঘটক ২০ হাজার টাকা চান। গাড়িভাড়া বাদে আমার আর কিছু থাকে না। তাই বিয়াটা করি নাই।’এরপর ১২ ফেব্রুয়ারি উপজেলার বাউসা-টাইরিপাড়া গ্রামে আরেক মেয়ের সঙ্গে কামরুলের বিয়ে ঠিক হয়। মেয়ের মামা জানান, বিয়ের আসরে কামরুলের আগের বিয়ের কথা জানাজানি হয়। তার পরও তাঁরা রাজি হন। কিন্তু তালাকের কাগজ দেখাতে না পারায় গ্রামের লোকজন তাঁকে বেঁধে রেখে দিঘায় খবর পাঠান। তখন দুই গ্রামের মাতব্বরেরা বসে ১৬ হাজার টাকা জরিমানার বিনিময়ে কামরুলকে ছাড়িয়ে আনেন। গতকাল মঙ্গলবারের মধ্যে টাকাটা দেওয়ার কথা।কামরুলের প্রতিবেশীরা জানান, জরিমানার টাকার জন্য কামরুল সাবেক স্ত্রীকে আবার বিয়ের প্রস্তাব পাঠান। শর্ত এবার তাঁকে ১৬ হাজার টাকা দিতে হবে। পরিবার রাজিও হয়। রোববার রাতে বিয়ের আসরে বসে যৌতুকের কথা শুনে ওই নারী আর রাজি হননি। সোমবার রাতে আবারও বরযাত্রীসহ ওই বাড়িতে যান কামরুল। কিন্তু শেষ পর্যন্ত তিনি রাজিই হননি। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল আজিজ বলেন, ‘কামরুল যে টাকার জন্য বিভিন্ন জায়গায় বিয়ে করতে চেষ্টা করছেন তা আমরা জানতাম না। বাউসা-টাইরিপাড়া গ্রামে তাঁকে ছাড়িয়ে আনতে গিয়ে জানতে পারি। পরে বিপদ থেকে বাঁচাতেই সাবেক স্ত্রীর সঙ্গে তাঁর আবার বিয়ে দিতে চেয়েছিলাম।’