তিনিও কমিটিতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মেলনের দেড় বছর পর অনুমোদন পেল খুলনা মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি। গত শনিবার নির্বাহী কমিটির সভায় অনুমোদিত ৭১ সদস্যের মহানগর কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে ঠাঁই পেয়েছেন অমিয় সরকার গোরা। অথচ নগরের ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক এই কাউন্সিলর গত ৯ জানুয়ারি পরলোকগমন করেন।
এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, পূর্ণাঙ্গ কমিটি প্রায় ১৭ মাস আগে কেন্দ্রে পাঠানো হয়। তখন তিনি বেঁচে ছিলেন। অনুমোদনের পর বিষয়টি সবার নজরে আসে। শিগগিরই কমিটি সংশোধন করা হবে।
আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হয় ২০১৪ সালের ২৯ নভেম্বর। সম্মেলনে সাংসদ তালুকদার আবদুল খালেক সভাপতি ও সাংসদ মিজানুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অনুমোদিত ৭১ সদস্যের নির্বাহী কমিটির ১ নম্বর সদস্য করা হয়েছে খুলনা-৩ আসনের সাংসদ বেগম মন্নুজান সুফিয়ানকে।
এ ছাড়া কমিটিতে চিশতি সোহরাব হোসেন শিকদার, কাজী আমিনুল হক, শেখ হায়দার আলী, কাজী এনায়েত হোসেন, মোল্লা শওকত আলী, আজমল আহমেদ, বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন ও শেখ সিদ্দিকুর রহমান সহসভাপতি, রজব আলী সরদার, এম ডি এ বাবুল রানা ও নুর ইসলাম বন্দ যুগ্ম সাধারণ সম্পাদক এবং শেখ মো. ফারুক আহমেদ, আবুল কালাম আজাদ ও আশরাফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।