তিনিও মা
প্রসব বেদনায় কাতর এক নারীকে গত শনিবার রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বেলা দুইটায় অস্ত্রোপচারের মাধ্যমে একটি ছেলেসন্তানের জন্ম দেন তিনি। রোববার থেকে নবজাতকসহ প্রসূতি মাকে নিয়মানুয়ায়ী একটি ওয়ার্ডে রেখে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়।সোমবার ওই ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসকেরা জানতে পারেন, নবজাতকের মা একজন যৌনকর্মী। বেলা একটায় দুই দিনের শিশুসহ ওই মাকে ওয়ার্ডের বারান্দায় পাঠিয়ে দেওয়া হয়। তারপর থেকে তারা বারান্দায় আছে। কিন্তু প্রচণ্ড শীতে বেহাল হয়ে পড়েছে মা ও শিশু। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় ওই মায়ের। সাংবাদিক পরিচয় পেয়ে বলেন, ‘ভাই, গত (সোমবার) রাইতে শীতে বাচ্চাটা খুব কষ্ট পাইছে। সারা রাত বারান্দা দিয়া বাতাস ঢুকছে। কী করমু, কন, বাচ্চাটার লাইগ্যা খুব কষ্ট হইতাছে।’ তিনি জানান, হাসপাতাল থেকে চলে যাওয়ার জন্য কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন তিনি। চিকিৎসকেরা বলছেন, তাঁর জটিল রোগ আছে, এ জন্য হাসপাতালে আরও কিছু দিন থাকতে হবে। বারান্দায় পাঠালেও চিকিৎসকেরা তাদের ঠিকমতো সেবা দিচ্ছেন বলে জানান তিনি।তবে যোগাযোগ করা হলে ওই ওয়ার্ডে কর্মরত চিকিৎসক বলেন, এমন কোনো প্রসূতি তাঁর ওয়ার্ডে আছেন বলে তাঁর জানা নেই। তিনি নবজাতক নিয়ে বারান্দায় আছেন জানালে ওই চিকিৎসক বলেন, এ বিষয়টিও তাঁর জানা নেই।তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শহিদুল হক মল্লিক প্রথম আলোকে বলেন, বিষয়টি তিনি অবগত আছেন। যৌনকর্মীদের মধ্যে এইচআইভি/এইডসসহ যৌনবাহিত বিভিন্ন রোগ থাকার আশঙ্কা থাকে। তাই অন্য শিশু ও প্রসূতি মায়েদের যাতে কোনো ঝুঁকিতে পড়তে না হয়, সে জন্য ওই মাকে আলাদা রাখা হয়েছে।