
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলে থাকা তিব্বতসহ আরও ১০টি হল উদ্ধারের দাবিতে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। দাবি আদায়ে আজ সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সমাবেশ করবেন তাঁরা।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ শেষে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃত্বে প্রায় এক হাজার শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। পরে সাড়ে ১১টার দিকে পুরান ঢাকার রায়সাহেব বাজার ও নয়াবাজার মোড় অবরোধ করেন তাঁরা। এ সময় পৃথক স্থানে প্রায় ১৫টি টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে সদরঘাট থেকে গুলিস্তান ও যাত্রাবাড়ী সড়কে যান চলাচল বন্ধ থাকে এক ঘণ্টা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে নয়াবাজার থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনের দুই পাশের সড়কে সাতটি টায়ার জ্বালিয়ে অবরোধ করেন শিক্ষার্থীরা। অবরোধ চলে বেলা তিনটা পর্যন্ত। এর আগে আড়াইটার দিকে প্রেসক্লাবের প্রধান ফটকে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।
সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইফুল আলম প্রমুখ বক্তব্য দেন। সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘দাবি আদায়ে আজ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন ও ক্যাম্পাসে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগ-সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দল, বিএনপি-সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল, কর্মকর্তা সমিতি ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতা-কর্মীরা বক্তব্য দেবেন।