তিব্বত হল উদ্ধারে আন্দোলন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলে থাকা তিব্বত হল উদ্ধারের দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
দাবি আদায়ে আজ মঙ্গলবার সকালেও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড় অবরোধ করবেন তাঁরা।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে গতকাল সংহতি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও কর্মকর্তা সমিতি। গত রোববার সংহতি প্রকাশ করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগ-সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দল, বিএনপি-সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে গত ১০ ফেব্রুয়ারি জাতীয় সংসদে হাজি সেলিম বলেছিলেন, ‘শিবির রগ কাটে, ছাত্রলীগ কবজি কাটে, মাথা কাটে’। এমন মন্তব্যের পর হাজি সেলিমের দখলে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিব্বত হল উদ্ধারের দাবিতে গত বুধবার থেকে আন্দোলন করে আসছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সাধারণ শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে যোগ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিব্বত হলটি উদ্ধারের দাবিতে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রলীগের কর্মীরা। পরে বেলা একটার দিকে তাঁরা ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে বলা হয়, শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত না করেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল বিগত বিএনপি সরকার। যার খেসারত দিতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২১ হাজার শিক্ষার্থীকে। তাই তিব্বতসহ আর নয়টি হল উদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।
সমাবেশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ নেতা-কর্মীরা বক্তব্য দেন।
শরিফুল ইসলাম বিকেলে প্রথম আলোকে বলেন, তিব্বতসহ বেদখলে থাকা আরও নয়টি হল উদ্ধারে করণীয় ঠিক করতে গতকাল বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমানের সঙ্গে আলোচনা করেছেন শিক্ষার্থীরা। এতে জগন্নাথ কলেজ থাকা অবস্থায় ছাত্র সংসদের ভিপি আলমগীর শিকদার ওরফে রোটনসহ বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।