
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলে থাকা তিব্বত হল উদ্ধারের দাবিতে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী। এই বিক্ষোভে নেতৃত্ব দেয় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ।
একই সঙ্গে আজকের সমাবেশ শেষে শিক্ষার্থীরা কাল বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে সমাবেশের ঘোষণা দেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে গত ১০ ফেব্রুয়ারি জাতীয় সংসদে হাজি সেলিম বলেছিলেন, ‘শিবির রগ কাটে, ছাত্রলীগ কবজি কাটে, মাথা কাটে।’ এমন মন্তব্যের পর হাজি সেলিমের দখলে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিব্বত হল উদ্ধারের দাবিতে গত বুধবার থেকে আন্দোলন করে আসছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সাধারণ শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে যোগ দেন।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের নেতৃত্বে সংগঠনটির নেতা-কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী ছাত্রলীগের সঙ্গে একাত্ম ঘোষণা করে পুরান ঢাকার নয়াবাজার মোড় অবরোধ করেন। এ সময় তাঁরা ১৫টি টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন। ওই সময় সদরঘাট থেকে গুলিস্তান ও সদরঘাট থেকে যাত্রাবাড়ী সড়কে যান চলাচল বন্ধ ছিল।
দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে একপাশের রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বেলা তিনটা পর্যন্ত এই বিক্ষোভ চলে। ফলে এই সময় প্রেসক্লাবের সামনের এক পাশের রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহনগুলো সচিবালয়ের সামনের রাস্তা দিয়ে কার্জন হলের মোড় হয়ে চলাচল করে।
শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে গতকাল সোমবার সংহতি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও কর্মকর্তা সমিতি। গত রোববার সংহতি প্রকাশ করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগ-সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দল, বিএনপি-সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।