সিলেট বিভাগের একমাত্র আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি তিব্বিয়া কলেজের নতুন ভবনে অনুমোদনহীন সেই নাম অবশেষে অপসারণ করা হয়েছে। নির্মাণকাজ শেষ হওয়ায় পুরোনো নামেই তিব্বিয়া কলেজ উদ্বোধন হচ্ছে আজ শনিবার। সকালে ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির উপস্থিত থাকবেন।কলেজ সূত্র জানায়, ইউনানি চিকিৎসাসেবা শিক্ষাপ্রতিষ্ঠান সিলেট তিব্বিয়া কলেজ ১৯৪৫ সালে প্রতিষ্ঠা করা হয়। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার একটি কক্ষে কলেজ চালু করা হলে পরে ১৯৮০ সালে স্থানান্তর হয় চালিবন্দর এলাকায় একটি ভাড়া করা ভবনে। এ সময় কলেজের নিজস্ব জায়গায় ভবন করতে শাহজালাল উপশহরে প্রায় ৮৬ শতক জায়গা সরকারিভাবে অধিগ্রহণ করা হয়। কিন্তু জায়গার দখল নিয়ে জটিলতা থাকায় নতুন ভবন নির্মাণ শুরু হচ্ছিল না। ২০০৬ সালের শেষ দিকে বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে ওই জায়গার দখল পাওয়ায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে তিব্বিয়া কলেজের নতুন ভবন নির্মাণকাজ শুরু হয়। ২০০৯-১০ অর্থবছরে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে কলেজের নতুন ভবনের নির্মাণকাজ শুরুর সময়ই তিব্বিয়া কলেজের ছাত্র সংসদ নেতারা কলেজের পুরোনো নামের স্থলে নতুন নামকরণের তৎপরতা শুরু করেন। কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত বশিরুল হক চৌধুরীর নামে তিব্বিয়া কলেজের নতুন নাম ‘বশিরুল হক ইউনানি মেডিকেল কলেজ ও হাসপাতাল’ সাইনবোর্ড নির্মাণাধীন ওই ভবনের সামনে সাঁটানো হয়। বশিরুল হক চৌধুরী বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ইহতেশামুল হক চৌধুরীর বাবা। এ নিয়ে গত বছরের ২১ জুলাই প্রথম আলোয় ‘নতুন ভবনে পাল্টে গেল নাম’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে ইহতেশামুল হক তিব্বিয়া কলেজের ছাত্র সংসদ নেতাদের অনুমোদনহীন নাম অপসারণের পরামর্শ দিলেও সাইনবোর্ড অপসারণ করা হয়নি। সম্প্রতি পুরোনো ভবন থেকে নতুন ভবন স্থানান্তরের দিনক্ষণ নির্ধারণ হওয়ায় নামকরণের সেই সাইনবোর্ডটি অপসারণ করা হয়েছে বলে কলেজ সূত্র জানায়।সরকারি তিব্বিয়া কলেজের অধ্যক্ষ এ কে সায়েফউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ওই নামকরণটি ছাত্ররা করেছিল। কলেজ কর্তৃপক্ষের কোনো অনুমোদন ছিল না। এটা কারা লাগিয়েছিল, আর কারাই বা অপসারণ করল, এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই।’তিব্বিয়া কলেজের ছাত্র সংসদের সহসভাপতি আক্তার হোসেন স্বীকার করেন, নতুন নামকরণ তাঁরাই করেছিলেন এবং সেটি এখন প্রত্যাহার করে নিয়েছেন। তিনি বলেন, ‘আমরা নতুন নামকরণের পক্ষে। এটি অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। তবে সাইনবোর্ড দিয়ে নতুন নামকরণ নিয়ে কিছুটা বিরূপ প্রতিক্রিয়া হওয়ায় আমরা আর আগের অবস্থানে নেই। অনুমোদন হলে পরে নামকরণের পক্ষপাতী।’ ছাত্র সংসদের সংবাদ সম্মেলন: নিজস্ব ভবনে স্থানান্তর উপলক্ষে তিব্বিয়া কলেজ ছাত্র সংসদের উদ্যোগে গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন হয়েছে। সকালে নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন থেকে তিব্বিয়া কলেজের নতুন ভবনের উদ্বোধনকে স্বাগত জানিয়ে স্থায়ী ক্যাম্পাস, শিক্ষকসংকট ও কলেজে চিকিৎসাসেবার জন্য হাসপাতাল চালুর দাবি জানান। সংবাদ সম্মেলনে ছাত্র সংসদের ভিপি আক্তার হোসেন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ বক্তব্য দেন।