তির্যকের নাট্যমেলা শুরু
৪০ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামের নাট্যদল তির্যকের পাঁচ দিনব্যাপী নাট্যমেলা শুরু হয়েছে। নগরের থিয়েটার ইনস্টিটিউট অব চট্টগ্রামে (টিআইসি) গতকাল বুধবার সন্ধ্যায় নাট্যমেলার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞানী অনুপম সেন। অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর বলেন, পাকিস্তানি শাসনের সময় এ দেশে সংগঠিত নাট্যচর্চা ছিল না। এ দেশের নাট্য আন্দোলন মুক্তিযুদ্ধের মহান ফসল। তবে সময়ের সঙ্গে সঙ্গে এ দেশে অবকাঠামোগত সুবিধা বাড়লেও বর্তমানে কয়টি নাটক আগের মানের হচ্ছে, সে প্রশ্নটি এসে যায়। তির্যকের মতো কিছু নাট্যদল এখনো নাটকের মান ধরে রাখতে নিরন্তর অধ্যবসায় ও পরিশ্রম করে যাচ্ছে।
শিশুদের শিক্ষার সঙ্গে সংস্কৃতি যুক্ত করতে অভিভাবকদের আহ্বান জানান মন্ত্রী। এ ছাড়া চট্টগ্রামে মুসলিম ইনস্টিটিউটকে আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার কাজ খুব শিগগির শুরু হবে বলে জানান তিনি। অনুপম সেন বলেন, নাটক মানুষের মধ্যে আনন্দময় জগতের সৃষ্টি করে। তির্যক ৪০ বছর ধরে একই সঙ্গে আলো ও আনন্দ দেওয়ার কাজটি করে যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কবি অরুণ দাশ গুপ্ত। নাট্যমেলার উদ্বোধন শেষে তির্যকের স্মারক প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে নাট্যমেলার প্রথম দিনে গতকাল মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথের অমর সৃষ্টি রক্তকরবী।