তিল ঠাঁই আর নাহি রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

একটি দিন, একটি আয়োজন এত শক্তি ছড়িয়ে দিতে পারে প্রাণে? সঞ্চারিত হতে পারে জনে জনে? একুশে ফেব্রুয়ারি গতকাল এসেছিল শোককে দুর্দমনীয় শক্তিতে পরিণত করে আর দুই মলাটে বন্দী বইয়ের ভালোবাসা নিয়ে। হূদয়ে লেগে ছিল একুশের চেতনা, সেই চেতনার সিঁড়ি বেয়ে অমর একুশে গ্রন্থমেলায় নেমেছিল উন্মত্ত জোয়ার। ভেতরে প্রবেশের জন্য দীর্ঘ অপেক্ষা, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা, ধাক্কাধাক্কি; কিন্তু একুশের আহ্বানে ‘বিরক্তি’ বলে কোন শব্দটি যেন হারিয়ে গেল।
একুশে ফেব্রুয়ারিতে অন্য রকম একটা দিন পার করল বইমেলা। কারণ একুশ যে বাঙালির নিজের পরিচয়কে আরেকটু শাণিয়ে নেওয়ার দিন, শিকড়ে নতুন করে প্রোথিত হওয়ার দিন।
তাই গতকাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই অনেকে ভাষা আন্দোলনের সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর একটি বাংলা একাডেমিতে চলে আসেন। মেলামুখী মানুষের জনস্রোত প্রবহমান ছিল দিনভর। কারও কারও পরনে ছিল ভাষাশহীদদের সম্মানে ‘অ আ ক খ’ বর্ণমালাখচিত পোশাক।
সকাল থেকেই ভিড়
সরকারি ছুটির দিন ও একুশে ফেব্রুয়ারি উপলক্ষে গতকাল মেলার ফটক সকাল আটটায় খুলে দেওয়া হয়। দুপুরে ভিড় একটু কমলেও বিকেলে আবার বাড়ে। রাত সাড়ে নয়টা পর্যন্ত মানুষের পদচারণে গ্রন্থমেলা ছিল মুখর, প্রাণোচ্ছল।
মোহাম্মদপুর থেকে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী তাহেরা জেবিন। গতকালই মেলায় প্রথম এসেছেন। উদ্দেশ্য বই কেনা। সন্ধ্যায় যখন চারুকলা অনুষদের সামনে দিয়ে বাসায় ফিরছিলেন, তখন হাতে মাত্র একটি বই। বললেন, ‘কেনার ইচ্ছে ছিল অনেক। কিন্তু আজ তো কেনার পরিবেশ নেই। এখন বাড়ি যেতে পারলে বাঁচি!’
মানুষের ঢেউ, কিন্তু গতকাল খুশি হতে পারলেন না প্রকাশকেরা, এমনকি লেখকেরাও। একুশে ফেব্রুয়ারির দিন সাধারণত বেচাকেনা বেশি হলেও এবার ব্যতিক্রম। বেশির ভাগ মানুষই মেলায় এসেছেন ঘুরে কিংবা আড্ডা দিয়ে প্রাণের এই উৎসবে নিছক অংশ নিতে। লেখক স্থপতি শাকুর মজিদ বিকেলে কোনোমতে বাংলা একাডেমি চত্বরে ঢুকতে পেরেছিলেন। কিন্তু একাডেমি চত্বর ঘুরে সোহরাওয়ার্দী উদ্যানের অংশে প্রবেশের সাহস করেননি। সখেদে বললেন, আয়োজকদের মেলা সাজানোর বিষয়ে পরিকল্পনায় যথেষ্ট ঘাটতি আছে। মানুষের ভিড়ের কথা চিন্তা করা হয়নি। মেলার আগে অন্তত একজন স্থপতি কিংবা পরিকল্পনাবিদের পরামর্শ নিলে এমন দুরবস্থা হতো না। অ্যাডর্ন পাবলিকেশনসের সৈয়দ জাকির হোসাইন বলেন, মানুষের মেলার প্রতি আগ্রহ বাড়ছে ঠিকই, বইকেনার প্র্যাকটিসটা বাড়ছে না।
মেলামঞ্চে কবিতার পাঠ দিয়ে দিন শুরু
গতকালের মেলায় মানুষের বাঁধভাঙা জোয়ারের পাশাপাশি ছিল অসংখ্য কবির সরব উপস্থিতি। একাডেমির মূল মঞ্চে সকাল সাড়ে সাতটা থেকে কবিরা একের পর এক কবিতা আবৃত্তি করেন। শতাধিক কবি তাঁদের আবেগঝরা কবিতা পাঠ করেন দুপুর পর্যন্ত। কবিতা পাঠের এই আয়োজনে সভাপতিত্ব করেন কবি হাবীবুল্লাহ সিরাজী।
বিকেলে গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘বাঙালি সংস্কৃতিতে মানবতাবাদ’ শীর্ষক অমর একুশে বক্তৃতানুষ্ঠান। একক বক্তব্য দেন জাতীয় অধ্যাপক সালাহ্উদ্দীন আহ্মদ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন মহাপরিচালক শামসুজ্জামান খান এবং সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে ফকির সিরাজের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘ঋষিজ শিল্পীগোষ্ঠী’ এবং এস এম আফজাল হোসেন ও তাঁর দল। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী কল্যাণী ঘোষ, মনোরঞ্জন ঘোষাল, পল্লব গোমেজ, ফকির আলমগীর প্রমুখ।
এসেছে ২৫৩টি নতুন বই
মেলায় গতকাল নতুন বই এসেছে ২৫৩টি। ২২টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। নতুন বইয়ের তালিকায় আসা বইয়ের মধ্যে রয়েছে প্রথমা প্রকাশনের আনিসুল হকের কিডন্যাপারের কবলে গুড্ডুবুড়া ও রায়হান রাইনের আগুন ও ছায়া । দুটি বইয়ের দারুণ চাহিদা রয়েছে বলে জানালেন প্রথমা প্রকাশনের একজন প্রতিনিধি। এ ছাড়া মেলায় আসা নতুন বইয়ের তালিকায় হুমায়ূন আহমেদের লেখা লীলাবতি বইটি গতকাল পাঠকের আগ্রহের তালিকায় ছিল বলে জানান অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম। তিনি জানান, হুমায়ূন আহমেদের পুরোনো বইগুলোও পাঠকেরা আগ্রহ নিয়ে খুঁজছেন। গতকাল হুমায়ূন আহমেদের বিভিন্ন সাক্ষাৎকার নিয়ে জয়তী থেকে এসেছে দীপন নন্দী সম্পাদিত হুমায়ূন-কথন। এ ছাড়া মেলায় আগামী থেকে এসেছে বদিউল আলম মজুমদারের সংবিধান সংশোধন সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক শাসন, বেঙ্গল পাবলিকেশনস থেকে এসেছে শাকুর মজিদের ভাটির পুরুষ কথা, বিভাস থেকে এসেছে হেলাল মৃধার কবিতার বই রূপ তার প্রকৃতির মতন, রূপ প্রকাশন থেকে এসেছে মোস্তফা আহসান হাবীবের অ্যাপোফিস ইত্যাদি।
আজও সকাল থেকে মেলা
আজ শনিবার সকাল ১০টায় মেলার দ্বার খোলা হবে। শিশুদের অভিভাবকসহ স্বাচ্ছন্দ্যে বই কেনার সুবিধার্থে আজ সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত মেলায় ঘোষণা করা হয়েছে শিশুপ্রহর। মেলা চলবে যথারীতি রাত সাড়ে আটটা পর্যন্ত। এ ছাড়া সকাল নয়টায় অমর একুশে উদ্যাপনের অংশ হিসেবে শিশু-কিশোরদের চূড়ান্ত সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।