তিলকে তাল করে প্রচার বন্ধ করতে হবে: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বাজারে এখনো পুরো ধান ওঠেনি। এ জন্য চালের দাম একটু বেশি। দেশে কোনো খাদ্যসংকট নেই, সংকট সৃষ্টি করছে কিছু অসাধু ব্যবসায়ী এবং সরকারের বিরুদ্ধে অবস্থানকারীরা। তাই তিলকে তাল করে অহেতুক প্রচারণা চালিয়ে মানুষকে বিভ্রান্ত না করার অনুরোধ জানান তিনি।
আজ বুধবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ নিয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বোরো ধান প্রকৃতির ওপর নির্ভরশীল। প্রতিবছর ধান ওঠার আগে এই সময়ে চালের দাম একটু বেড়ে যায়। এ বছর হাওরাঞ্চলের ধান নষ্ট হওয়ায় বাজারে চালের দাম একটু বেশি। তা ছাড়া এ অঞ্চলের ৯০ শতাংশসহ সারা দেশে ৭০ থেকে ৮০ শতাংশ ধান এখনো ওঠেনি। তিনি বলেন, সারা দেশে বোরো মৌসুমে প্রতিবছর ১ কোটি ৯১ লাখ মেট্রিক টন ধান উৎপাদিত হয়। এ বছর সারা দেশে ব্লাস্ট রোগে ছয় লাখ মেট্রিক টন এবং হাওরাঞ্চলে বন্যায় ছয় লাখ মেট্রিক টন ধান নষ্ট হয়েছে। মাত্র ১২ লাখ মেট্রিক টন ধান নষ্ট হওয়ায় দেশে গজব নেমে আসবে না।
এ সময় মন্ত্রী প্রথম আলোর নাম উল্লেখ করে বলেন, ‘গতকাল মঙ্গলবার প্রথম আলোর প্রথম পাতায় সংবাদ প্রকাশ করেছে, এবার কোনো সংগ্রহই হবে না, আমি আজ রংপুর বিভাগে যাচ্ছি। আমার সঙ্গে যাতে মিল মালিকেরা সহযোগিতা না করেন, সে উদ্দেশ্যেই এটা করা হয়েছে। এটা মিথ্যা, ভুয়া ও জনগণকে বিভ্রান্ত করার জন্য করা হয়েছে।’
দেশে খাদ্যসংকট নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারের মজুত রয়েছে পর্যাপ্ত। যদি মজুত না-ই থাকত, তাহলে দুর্যোগ এলাকায় সরকারের মজুত থেকে ত্রাণ দেওয়া হচ্ছে কীভাবে? চাল আমদানিতে শুল্ক আরোপের ব্যাপারে তিনি বলেন, আগে চাল আমদানিতে শুল্ক ছিল না। সেটির সুযোগ নিয়েছিল অসাধু ব্যবসায়ীরা। সেটির সুযোগ নিয়ে তারা ভারতের চালে বাজার সয়লাব করেছিল। এ কারণে সেটি প্রত্যাহার না করেই আন্তর্জাতিক বাজার থেকে দরপত্রের মাধ্যমে চাল সংগ্রহ করে ঘাটতি পূরণ করা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. বদরুল হাসান, রংপুর বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. রায়হানুল কবির, নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রমুখ। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রীর উপস্থিতিতে ২৫ জন মিল মালিক ৩ হাজার ২৫০ মেট্রিক টন চাল সরবরাহের জন্য চুক্তি স্বাক্ষর করেন।