তিলোত্তমা ঢাকা গড়তে ১৮ অঙ্গীকার বাহাউদ্দিনের

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) সমর্থিত মেয়র পদপ্রার্থী বাহাউদ্দিন আহমেদ তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তিলোত্তমা ঢাকা গড়তে ১৮টি অঙ্গীকার করেছেন তিনি।
আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশানের একটি মিলনায়তনে এই ইশতেহার ঘোষণা করেন বাহাউদ্দিন।
অনুষ্ঠানে জাপা-সমর্থিত এই মেয়র পদপ্রার্থী নির্বাচনের দিন সেনাবাহিনী মোতায়েনের দাবি করে বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা যে ভোটকেন্দ্রে যাব এবং বাসায় ফিরে আসব-এই জায়গাটুকুতে নিরাপত্তা দরকার।’
চরকা প্রতীক পাওয়া বাহাউদ্দিন বলেন, মেয়র নির্বাচিত হলে রাজধানীবাসীর ট্যাক্স বাড়ানো হবে না। নতুন খাত সৃষ্টি করে আয় বাড়ানো হবে।
‘যানজটমুক্ত তিলোত্তমা ঢাকা গড়তে চাই’-স্লোগান নিয়ে নির্বাচন করছেন বাহাউদ্দিন।
ঘোষিত ইশতেহারে ১৮টি অঙ্গীকার করেছেন জাপা-সমর্থিত এই মেয়র পদপ্রার্থী। এর মধ্যে ঢাকাকে যানজটমুক্ত রাখা, নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করা, ঢাকাকে মশা-মাছিমুক্ত করা, সড়কদ্বীপে বৃক্ষরোপণ করে সবুজ ঢাকা গড়ে তোলা, ফুটপাত চলাচলের উপযোগী করা, জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেওয়া, তুরাগ নদ দখলমুক্ত করা, জনপরিবহন-ব্যবস্থা উন্নত করা অন্যতম।
এইচ এম এরশাদের আমলে ঢাকার বিভিন্ন উন্নয়ন অবকাঠামোর বিবরণ তুলে ধরে বাহাউদ্দিন বলেন, জাপা চেয়ারম্যানের পরামর্শ নিয়ে কাজ করে ঢাকাকে আবারও তিলোত্তমা নগরী হিসেবে প্রতিষ্ঠা করতে চান তিনি।
অনুষ্ঠানে জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।