তিস্তা, সীমান্ত প্রটোকল, টিপাইমুখ সীমান্ত হত্যা নিয়ে আলোচনা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রসচিবদের বৈঠক আজ মঙ্গলবার দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। তিস্তার পানি বণ্টন চুক্তি সই ও সীমান্ত প্রটোকল বাস্তবায়ন এবং টিপাইমুখের যৌথ সমীক্ষার অগ্রগতির বিষয়ে গুরুত্ব দেবে বাংলাদেশ। সেই সঙ্গে সীমান্তে নিরপরাধ বাংলাদেশি হত্যা বন্ধের বিষয়েও বাংলাদেশ কথা বলবে। অন্যদিকে, ভারতের অগ্রাধিকারের তালিকায় থাকবে ট্রানজিট চালু ও প্রত্যর্পণ চুক্তি সইয়ের প্রসঙ্গ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দিল্লিতে দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্রসচিবদের বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন মোহাম্মদ মিজারুল কায়েস ও ভারতের নেতৃত্ব দেবেন রঞ্জন মাথাই। দুই দেশের পররাষ্ট্রসচিবদের বৈঠকে ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফর, ২০১১ সালে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফর এবং গত মে মাসে দুই পররাষ্ট্রমন্ত্রীদের নেতৃত্বে যৌথ পরামর্শক সভায় (জেসিসি) নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন পর্যালোচনা করা হবে। ঢাকার কর্মকর্তারা জানিয়েছেন, মিজারুল কায়েস ও রঞ্জন মাথাইয়ের নেতৃত্বে অনুষ্ঠেয় বৈঠকে বাংলাদেশ তিস্তার চুক্তি সইয়ের অগ্রগতির পাশাপাশি সীমান্ত প্রটোকল বাস্তবায়ন বিষয়ে জোর দেবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে তিস্তা চুক্তি শেষ মুহূর্তে সই না হলেও এটি নিয়ে বাংলাদেশকে বারবার আশ্বস্ত করছে দিল্লি। এ অবস্থায় এ নিয়ে কতটা অগ্রগতি হয়েছে, তা বাংলাদেশ জানতে চাইবে। তা ছাড়া প্রায় এক বছর পেরিয়ে গেলেও সীমান্ত প্রটোকল এখনো ভারতের পার্লামেন্টে উত্থাপন করা হয়নি। সম্প্রতি ঢাকা সফরের সময় ভারতের সংসদবিষয়ক মন্ত্রী সালমান খুরশীদ জানিয়েছিলেন, বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর মন্ত্রণালয় অবগত নয়। এ পরিপ্রেক্ষিতে ওই প্রটোকল বাস্তবায়নের বিষয় বাংলাদেশ জানতে চাইবে। এদিকে ভারতের আশ্বাসের পরও সীমান্তে বন্ধ হয়নি নিরস্ত্র বাংলাদেশিদের প্রাণহানি। এ পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে আবার ভারতের সঙ্গে কথা বলবে বাংলাদেশ। এ বিষয়গুলোর পাশাপাশি টিপাইমুখ প্রকল্প নিয়ে দুই দেশের বিশেষজ্ঞদের যৌথ সমীক্ষার অগ্রগতি সম্পর্কে ভারতের কাছে জানতে চাইবে বাংলাদেশ। ঢাকায় ভারতীয় হাইকমিশন গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিরাপত্তা, প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি ও বিদ্যুৎ, পানিসম্পদ, যোগাযোগ, উন্নয়ন সহযোগিতা এবং সাধারণ মানুষের যোগাযোগ বাড়ানোর বিষয়গুলো প্রাধান্য পাবে বৈঠকে। এ ছাড়া আঞ্চলিক, উপ-আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে দুই দেশের সহযোগিতা নিয়ে আলোচনা হবে।