তিস্তা, সীমান্ত প্রটোকল ও ট্রানজিট আলোচনায় প্রাধান্য পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আগামী ৩ মার্চ তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন। গত বছরের ২৫ জুলাই ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এটি হবে তাঁর প্রথম বিদেশ সফর।পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রথম আলোকে জানিয়েছেন, ভারতের রাষ্ট্রপতির সফরের প্রস্তুতি খতিয়ে দেখতে সে দেশের রাষ্ট্রাচারপ্রধানের নেতৃত্বে একটি দল গতকাল বুধবার ঢাকায় এসেছে। দলটি প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে।ঢাকা সফররত ভারতের প্রতিনিধিদলটি প্রণব মুখার্জির সম্ভাব্য পরিদর্শনের স্থানগুলো দেখতে যাবে।খসড়া সফরসূচি অনুযায়ী, ঢাকা সফরের সময় প্রণব মুখার্জি রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তাঁর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই প্রতিবেদককে বলেন, ভারতের রাষ্ট্রপতির এই সফরে তিস্তা চুক্তি সই, সীমান্ত প্রটোকল বাস্তবায়ন ও ট্রানজিট চালুর মতো অমীমাংসিত বিষয়গুলো প্রাধান্য পাবে।ঢাকা সফরের সময় প্রণব মুখার্জির হাতে মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিদেশি বন্ধুদের দেওয়া সম্মাননা স্মারক ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ তুলে দেওয়া হবে।মন্ত্রী ও সচিব আসছেন: এদিকে ভারতের পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই ৯ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন। তিন দিনের এই সফরের সময় তিনি পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।অন্যদিকে, বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিটির দ্বিতীয় বৈঠকে অংশ নিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশীদ ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ঢাকা সফর করবেন। দুই দিনের এই সফরের সময় তিনি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এ ছাড়া রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তাঁর।