তিস্তা অভিমুখে বিএনপির লংমার্চ ২২ এপ্রিল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা ব্যারাজ অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ২২ এপ্রিল ঢাকা থেকে লংমার্চ শুরু হয়ে ২৩ এপ্রিল তিস্তা ব্যারাজ-সংলগ্ন ডালিয়া এলাকায় সমাবেশের মাধ্যমে তা শেষ হবে।
গতকাল বুধবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা ফখরুল জানান, ২২ এপ্রিল সকালে ঢাকা থেকে লংমার্চ শুরু হবে। ওই দিন বিকেল চারটায় রংপুরে একটি সমাবেশ করা হবে। রাতে রংপুরে অবস্থান করে পরদিন সকাল নয়টায় তিস্তা ব্যারাজের দিকে যাত্রা শুরু হবে। সেখানে একটি সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ কর্মসূচি শেষ হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ থাকলে তিনি লংমার্চে নেতৃত্ব দেবেন।
আইএসআইয়ের এজেন্টকে নিয়ে যাওয়ার ব্যাখ্যা দাবি: ঢাকার বিমানবন্দর থেকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের একজন এজেন্টকে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ‘র’-এর তুলে নিয়ে যাওয়ার ঘটনার সরকারি ব্যাখ্যা দাবি করেছে বিএনপি।
দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে মির্জা ফখরুল এ দাবি জানান। স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খানের মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দল ওই সমাবেশের আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার একটি খবর আজ (গতকাল) প্রথম আলোতে প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে আইএসআইয়ের একজন এজেন্টকে বিমানবন্দর থেকে ‘র’ ধরে নিয়ে গেছে।