তিস্তা অভিমুখে লংমার্চ করবে বিএনপি
ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা নদী অভিমুখে লংমার্চ করবে বিএনপি। তবে লংমার্চের তারিখ এখনো ঠিক করা হয়নি। পরে তারিখ চূড়ান্ত করা হবে।
গতকাল বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠকের একটি সূত্র জানায়, শিগগিরই ঢাকা মহানগর কমিটি গঠন, দলের কেন্দ্রীয় কাউন্সিল করাসহ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যেকোনো সময়ে ঢাকা মহানগর কমিটি গঠন করা হবে। এ ছাড়া ঢাকার আশপাশে এবং কয়েকটি জেলায় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি সমাবেশ করবে। এসব সমাবেশে খালেদা জিয়া উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।
বৈঠকে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, সারোয়ারী রহমান, গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
মওদুদ-গয়েশ্বরের কথা-কাটাকাটি: সব কোর্টই মুজিব কোটের পকেটে—সম্প্রতি গয়েশ্বর চন্দ্র রায়ের এ বক্তব্যের সমালোচনা করেন মওদুদ আহমদ। তিনি বলেন, এ রকম কথা না বলাই ভালো। এমন কথায় জামিন পেতে সমস্যা হতে পারে। এর উত্তরে গয়েশ্বর বলেন, ‘আমরা কি তাহলে কোনো কথা বলব না?’ এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মওদুদ ও গয়েশ্বর উত্তেজিত হলে খালেদা জিয়া তাঁদের শান্ত করেন। উল্লেখ্য, সব কোর্টই মুজিব কোটের পকেটে— সম্প্রতি গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলার পর আদালত তাঁকে তলব করেন।