তিস্তা ও ছিটমহল চুক্তির ব্যাপারে আশাবাদী বাংলাদেশ

ভারতের সঙ্গে বাংলাদেশের তিস্তার পানিবণ্টন ও ছিটমহল বিনিময় (সীমান্ত চুক্তি) চুক্তি সম্পাদনের ব্যাপারে বাংলাদেশ আশাবাদী। বাংলাদেশ মনে করে, বন্ধুপ্রতিম এই দু’দেশের মধ্যে শিগগির এই চুক্তি সম্পাদন হবে।
আজ সোমবার বিকেলে পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশের ভূমিমন্ত্রী সামসুর রহমান শরিফ সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে ভূমিমন্ত্রী সাংবাদিকদের কাছে এই আশাবাদ ব্যক্ত করেন।
মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে প্রায় ৪৫ মিনিটের বৈঠক শেষে সামসুর রহমান শরিফ সাংবাদিকদের বলেন, তিস্তার পানিবণ্টন, ছিটমহল বিনিময় চুক্তি ইত্যাদি বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর খোলামেলা আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতাও তাঁকে আশ্বস্ত করে বলেছেন, পশ্চিমবঙ্গ সরকার তাঁদের পাশেই থাকবে।
বাংলাদেশের ভূমিমন্ত্রী বলেন, ‘এই দুটি চুক্তি অচিরেই সম্পাদন হওয়ার ব্যাপারে আমি আশাবাদী। আমাদের এই দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে রয়েছে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই সম্পর্কে ফাটল ধরাতে কেউ কেউ তৎপর রয়েছে। তবে আমরা দুদেশই এ ব্যাপারে সজাগ আছি।’
ব্লগার অভিজিতের হত্যা সম্পর্কে করা এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইতিমধ্যে এই হত্যার সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অচিরেই সব হত্যাকারীদের গ্রেপ্তার করতে সমর্থ হবে বাংলাদেশ সরকার।
এ সময় মন্ত্রীর সঙ্গে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার জকি আহাদ, উপহাইকমিশনের হেড অফ চ্যান্সারি মইনুল কবির, কাউন্সিলর আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।