তিস্তা ও টিপাই নিয়ে উভয়ের উদ্বেগ দূর করতে হবে: জয়রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তার পানি বণ্টন চুক্তি ও টিপাইমুখ নিয়ে যে উদ্বেগ রয়েছে, দুই দেশের সম্পর্কের স্বার্থে তা দূর করা উচিত। এ বিষয়ে কোনো কিছুই গোপন করা সমীচীন হবে না। আর দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে এক-দুটি বিষয়ের নিরিখে মূল্যায়ন করাটা ঠিক নয়।ভারতের সফররত পল্লি উন্নয়ন এবং পানীয় জল ও পয়ঃনিষ্কাশনবিষয়ক মন্ত্রী জয়রাম রমেশ গত শনিবার প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। প্রায় এক ঘণ্টার এ আলাপচারিতায় রমেশ দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি তাঁর পল্লি উন্নয়নভাবনা, উন্নয়ন-প্রক্রিয়ায় নাগরিক সমাজের ভূমিকা ও ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বলেন।ক্ষমতায়ন ও উন্নয়নবিষয়ক দুই দিনের আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে তিন দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের এই মন্ত্রী।অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনার পরিপ্রেক্ষিতে তিস্তার পানি বণ্টন চুক্তি না হওয়ার বিষয়টিকে কীভাবে দেখছেন জানতে চাইলে জয়রাম রমেশ বলেন, ‘আমার বিশ্বাস, তিস্তা নিয়ে মতপার্থক্য একদিন দূর হবেই। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি, চুক্তিটি সই হওয়া উচিত ছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করায় চুক্তি সই না হওয়াটা দুর্ভাগ্যজনক। তবে তাঁর এ উদ্বেগ দূর করার চেষ্টা চলছে।’টিপাইমুখ নিয়ে বাংলাদেশের উদ্বেগের বিষয়ে অভিমত জানতে চাইলে রমেশ বলেন, ‘সরেজমিনে দেখতে গিয়ে বাংলাদেশের সাংবাদিকেরা বাস্তবতা কী আর অপপ্রচার কী, তা নিজেরাই দেখেছেন। দেখুন, তিস্তা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেমন উদ্বেগ জানিয়েছেন, তেমনি বাংলাদেশের কোনো কোনো রাজনীতিবিদ টিপাইমুখ নিয়ে উদ্বেগ জানাচ্ছেন। এটা খুব স্বাভাবিক। আমি কারও সমালোচনা করছি না। শুধু এটুকু বলব, উদ্বেগ থাকলে তা দূর করা উচিত। কোনো কিছুই গোপন করাটা ঠিক নয়।’ভারতের আলোচিত-বিতর্কিত আন্তনদীসংযোগ প্রকল্পের বিরোধিতা করেন এর আগে পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী জয়রাম রমেশ। তিনি বলেন, ‘আমি সংসদে একে সামাজিক, প্রতিবেশগত ও অর্থনৈতিকভাবে বিপর্যয় সৃষ্টিকারী প্রকল্প হিসেবে অভিহিত করেছি। অববাহিকাভিত্তিক সীমিত আন্তসংযোগ সম্ভব। কিন্তু ব্যাপক পরিসরে আন্তসংযোগ কিছু প্রকৌশলীর স্বপ্নবিলাস মাত্র।’দুই প্রতিবেশীর মধ্যে অনিষ্পন্ন অন্যতম বিষয় সীমান্ত প্রটোকল বাস্তবায়নের বিষয়েও আশার কথা শুনিয়েছেন ভারতের মন্ত্রিসভার এ জ্যেষ্ঠ সদস্য। তিনি বলেন, ‘৮ আগস্ট শুরু হতে যাওয়া ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশনে এ প্রটোকল বাস্তবায়নের বিষয়ে সংবিধান সংশোধনী আনা হবে। এর মাধ্যমে ভারত দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের বিষয়ে তার অঙ্গীকারের প্রতিফলন ঘটাবে। তবে একটি কথা স্পষ্ট করেই বলতে চাই, দুই দেশের সম্পর্ককে একটি বিষয়ের মধ্যে সীমিত রাখাটা ঠিক নয়। এটাও মনে করার কোনো কারণ নেই যে শুধু তিস্তা চুক্তি সইয়ের মধ্য দিয়েই ভারতের অঙ্গীকারের প্রতিফলন হবে।’বাংলাদেশের প্রশংসা: জয়রাম রমেশের মতে, অর্থনৈতিকভাবে অগ্রসর ভারতের অনেক রাজ্যের চেয়ে সামাজিক সূচকে বেশ এগিয়ে আছে বাংলাদেশ। এ ব্যাপারে নিজের বিশ্লেষণের উল্লেখ করে তিনি বলেন, অন্ধ্র প্রদেশ, উত্তরাখন্ড, গুজরাট ও হরিয়ানার চেয়ে পুষ্টিহীনতা, জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস ও শিশুমৃত্যু সূচকে অনেক এগিয়ে আছে বাংলাদেশ। অর্থনৈতিকভাবে উন্নত ভারতের জন্য বাংলাদেশের এ অগ্রগতি শিক্ষণীয়। পরিবেশবান্ধবভাবে পল্লি উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চান বলে জানান রমেশ।তথ্য অধিকার আইন প্রণয়নকে গত ৫০ বছরে ভারতের প্রশাসনিক ক্ষেত্রে একটি বড় অর্জন হিসেবে আখ্যায়িত করেন ভারতীয় মন্ত্রী। তিনি বলেন, এটি ভারতে স্বচ্ছতা আর জবাবদিহির সংস্কৃতি চালু করেছে।