তিস্তা ও সীমান্ত চুক্তি বাস্তবায়ন প্রায় চূড়ান্ত: দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, তিস্তা চুক্তি স্বাক্ষর এবং সীমান্ত চুক্তি বাস্তবায়ন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আজ শুক্রবার বিকেলে ভারতের পার্লামেন্ট ভবনে সে দেশের রাজ্যসভার বিরোধীদলীয় নেতা অরুণ জেটলির সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের। দীপু মনি জানান, বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত সীমান্ত চুক্তি বাস্তবায়নে অরুণ জেটলি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তবে তিনি এই বিষয়টি নিয়ে তাঁর দল বিজেপির নেতাদের সঙ্গে আলোচনা করবেন। দীপু মনি বলেন, সীমান্ত চুক্তির সমস্যাটি দীর্ঘদিনের। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশ ও ভারত উভয় দেশের মানুষ উপকৃত হবে।

ভারতের প্রতিটি রাজনৈতিক দল এবং জনগণের এই চুক্তিটি সমর্থন করা উচিত। দীর্ঘদিন পর এই সমস্যা সমাধানের একটি সুযোগ এসেছে এবং তা কাজে লাগাতে হবে। এর আগে পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাত্ করেন। বৈঠকের পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশের সঙ্গে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি স্বাক্ষর এবং সীমান্ত চুক্তি বাস্তবায়নের ব্যাপারে আশা প্রকাশ করেছেন।

মনমোহনের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত প্রত্যাশা করে বাংলাদেশে সেক্যুলার গণতান্ত্রিক সরকার থাকবে এবং দুই দেশের সম্পর্ক যে পর্যায়ে পৌঁছেছে তা বজায় থাকবে। আলোচনাকালে পররাষ্ট্রমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী দুই দেশের সরকারের মধ্যে নেওয়া প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নের জন্য সন্তোষ প্রকাশ করেন। বৈঠকে জানানো হয়, টিপাইমুখের যৌথ সমীক্ষা শেষ হয়েছে। সেখানে ভারত-বাংলাদেশ যৌথভাবে পাওয়ার প্লান্ট নির্মাণ করবে। এতে  দুই দেশই লাভবান হবে।

ওই  বৈঠকে ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা শিব শংকর মেনন, সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ দীপু মনির সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করেন।