
ভারতের পশ্চিমবঙ্গে সফররত আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজন শীর্ষস্থানীয় নেতা বলেছেন, তিস্তার পানিবণ্টন চুক্তি ও সীমান্ত চুক্তি হোক, এটা তাঁরা চান। বাংলাদেশ এই চুক্তির অপেক্ষায় আছে। এত দিনেও চুক্তি না হওয়ার বিষয়টি তাঁরা বাংলাদেশের নয়, বরং সাউথ ব্লকের ব্যর্থতা হিসেবে মনে করেন।
আজ সোমবার কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ত্রিগুনা সেন মিলনায়তনে ‘সেন্টার ফর রিসার্চ ইন ইন্দো-বাংলাদেশ রিলেশনস’ আয়োজিত ‘সন্ত্রাসবাদ থেকে ধর্মকে মুক্তকরণ: আগামীর পথ’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। ওই সেমিনারে বাংলাদেশ থেকে অংশ নেওয়া নেতারা এসব কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, আওয়ামী লীগের সাংসদ আমির হোসের আমু, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ওসমান ফারুক প্রমুখ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সীমান্ত ও তিস্তা চুক্তি হোক, এটা তো আমরা চাই। আমরা তো রাজিই আছি। এ নিয়ে সংসদে ওই চুক্তি অনুমোদন লাভ করেছে। আমাদের দুই দেশের স্বার্থেই এই চুক্তি সম্পাদন হওয়া জরুরি। ছিটমহলের ৫৬ হাজার মানুষ তাকিয়ে আছে এই চুক্তির দিকে। আমরাও অপেক্ষা করছি এই চুক্তির জন্য।’
মঈন খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘তিস্তার পানিবণ্টন চুক্তি ও সীমান্ত চুক্তি না হলে আগামী সংসদ নির্বাচনে বিএনপির জন্য কোনো প্লাস-মাইনাসের ঘটনা ঘটবে না।’ তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, ‘এই চুক্তি না হলে কি ভারতের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে? বাংলাদেশের সংসদ তো এই চুক্তি সম্পাদনের অনুমোদন দিয়েছে।’ তিনি আরও বলেন, এটা বাংলাদেশের নয়, বরং সাউথ ব্লকেরই ব্যর্থতা।
বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তার জবাবে ওসমান ফারুক বলেন, ‘বিএনপির সঙ্গে জামায়াতের কোনো আদর্শিক মিল নেই, নির্বাচনের আগে নির্বাচনী জোট হয়েছিল। কোয়ালিশন সরকার হয়েছিল। বিএনপি জাতীয়তাবাদী মধ্যপন্থী রাজনৈতিক দল।’ তিনি অন্য এক প্রশ্নের জবাবে বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্কে কোনো টানাপোড়েন হয়ে থাকলে তার দায় বর্তমান সরকারের ব্যর্থতা। তবে তিনি এ কথা জোরের সঙ্গেই বলেন, ‘আমরা সীমান্ত ও তিস্তা চুক্তি চাই।’