তিস্তা ও সীমান্ত চুক্তির আশ্বাস নিয়ে দেশে ফিরলেন স্পিকার
তিস্তার পানিবণ্টন ও স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নে ভারতের প্রতিশ্রুতি রক্ষায় কোনো নড়চড় হবে না—ভারতের পক্ষ থেকে এই আশ্বাস নিয়ে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। চার দিনের ভারত সফর শেষে গতকাল শনিবার তিনি দেশে ফেরেন।
সফরকালে ভারতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন শিরীন শারমিন। দেশে ফেরার আগে নয়াদিল্লিতে তিনি সাংবাদিকদের বলেন, দুই চুক্তি রূপায়ণে ভারত যে প্রতিশ্রুতিবদ্ধ, বারবার সে কথা তাঁকে বলা হয়েছে। তিনিও নিশ্চিত, এই দুই চুক্তিসহ বকেয়া বিষয়গুলোর নিষ্পত্তি এখন স্রেফ সময়ের ব্যাপার।
শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী মনমোহন সিং ও রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তো বটেই, বিরোধী নেতা অরুণ জেটলিও তাঁকে বলেছেন, চুক্তি নিয়ে তাঁদের দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে তেমন কোনো আপত্তি নেই। যতটুকু ভ্রান্তি রাজ্য পর্যায়ে রয়েছে, তা কাটানো অসম্ভব নয়।
স্পিকার জানান, তিনি দেশে ফিরছেন এই ধারণা নিয়ে যে দুই দেশের অমূল্য এই সম্পর্ক, যা পারস্পরিক নির্ভরতা, বিশ্বাস ও ঐকান্তিকতার ওপর ভিত্তিশীল, আগামী দিনগুলোতে তার আরও বহুমুখী বিকাশ ঘটবে। এই সম্পর্ক দুই দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সহায়ক হবে।
ভারতের লোকসভার স্পিকার মীরা কুমারের আমন্ত্রণে এই সফরে যান শিরীন শারমিন। সংসদীয় গণতন্ত্রের বিকাশে যুগ্ম সংসদীয় ফোরামকে প্রকৃত কার্যকর করার যে উদ্যোগ তিনি নিয়েছেন, এর একটি অঙ্গ হলো স্থায়ী কমিটির আদান-প্রদান। তিনি বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যেই তিনি দশম সংসদের স্থায়ী কমিটিগুলো গঠন করে ফেলবেন। দুই দেশের এই কমিটিগুলোর সদস্যরা একে অন্যের দেশে যাওয়া-আসা করবেন। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সংসদের ব্যাপ্তি ও কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে।
শিরীনের মতে, দুই দেশেরই কিছু কিছু বিষয় রয়েছে, যেগুলোর চরিত্র এক। এই বিষয়গুলো নিয়ে একসঙ্গে খুব ভালো কাজ করা যায়। যেমন, দারিদ্র্য দূরীকরণ, পরিবেশ ও প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা এবং স্বাস্থ্য, শিশু ও নারী বিকাশ।