তিস্তার পানি বণ্টন চুক্তি সই ও স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের মতো দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা দ্রুত সমাধানে ভারতকে অনুরোধ জানাবে বাংলাদেশ। এ ছাড়া অভিন্ন নদীর পানি ব্যবস্থপনার বিষয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশনের পরবর্তী বৈঠক আয়োজনের বিষয়টিও তুলে ধরা হবে।
দিল্লিতে আগামীকাল শনিবার বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিটির (জেসিসি) বৈঠকে এসব বিষয় তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লির উদ্দেশে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার আগে সাংবাদিকদের তিনি জানান, তিস্তা ও সীমান্ত চুক্তির দ্রুত সমাধান চায় বাংলাদেশ।
চার দিনের দিল্লি সফরের প্রথম দিনে আজ শুক্রবার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অর্থমন্ত্রী অরুণ জেটলি, পানিসম্পদ মন্ত্রী উমা ভারতী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এ এইচ মাহমুদ আলী। এ ছাড়া ভারতের কয়েকজন মন্ত্রী, রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তাঁর আলোচনার কথা রয়েছে। এ সফরের মধ্য দিয়ে ভারতের নতুন নেতৃত্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হওয়ার আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।
সরকার দাবি করছে, ভারতের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বিশেষ উচ্চতায় নিয়ে গেছে। এই প্রেক্ষাপটে তিস্তার পানি বণ্টন চুক্তি সই ও সীমান্ত চুক্তি বাস্তবায়নের মতো অমীমাংসিত সমস্যা সমাধানে সুনির্দিষ্ট সময় বেধে দেওয়ার দাবি বাংলাদেশ জানাবে কি না জানতে চাইলে এ এইচ মাহমুদ আলী কোনো মন্তব্য করতে অপারগতা জানান।
বাংলাদেশের ভূখণ্ড ভারতবিরোধী বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসীদের ব্যবহার করতে না দেওয়ার ব্যাপারে ঢাকা সুস্পষ্টভাবে অঙ্গীকার করে আসছে। ভারতের কাছ থেকেও এ ধরনের অঙ্গীকার বাংলাদেশ চাইবে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আশা করব ভারতের ভূখণ্ডে বাংলাদেশবিরোধী তৎপরতা না চালানোর ব্যাপারে ভারতও একই ধরনের অঙ্গীকার করবে।
পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্রসচিব, বাণিজ্যসচিব, নৌপরিবহনসচিব, বিদ্যুৎসচিব ও পানিসম্পদসচিব দিল্লি গেছেন।
২০১১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত উন্নয়ন সহযোগিতার রূপরেখা চুক্তির আওতায় জেসিসি বৈঠক অনুষ্ঠিত হয়ে আসছে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় চুক্তিটি সই হয়।
আগামীকালের জেসিসি বৈঠকটি হবে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের তৃতীয় বৈঠক। এ বৈঠকে তিস্তা ও স্থল সীমান্ত চুক্তি, সীমান্ত হত্যা বন্ধসহ নিরাপত্তা সহযোগিতা ও সীমান্ত ব্যবস্থাপনা, জ্বালানি খাতে সহযোগিতা, বাণিজ্য ও উন্নয়ন খাতে সহযোগিতা, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতা, আন্তরাষ্ট্রীয় যোগাযোগ, পানিসম্পদ খাতে সহযোগিতা, জনগণের যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময়, বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবেশ খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হবে।