তিস্তা ও সীমান্ত সমস্যা সমাধানের আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্যালেস হোটেলে গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন l ছবি: পিআইডি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্যালেস হোটেলে গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন l ছবি: পিআইডি

তিস্তার পানি বণ্টন চুক্তি ও স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্যালেস হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তিনি এই আশ্বাস দেন। খবর ইউএনবির।
মোদি ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনার সঙ্গে এটাই ছিল প্রথম বৈঠক। পরে বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহিদুল হক বৈঠক সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।
পররাষ্ট্রসচিব জানান, বৈঠকে তিস্তা ও সীমান্ত সমস্যার কথা তোলেন শেখ হাসিনা। এ সময় মোদি বলেন, ‘আমি খুবই আন্তরিক, এসব সমস্যা সমাধানের একটি উপায় খুঁজছি।’
ভারতের প্রধানমন্ত্রীকে তাঁর সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা।
এ সময় মোদি বলেন, ‘আমি শিগগির বাংলাদেশ সফরে যাব। আমাদের কর্মকর্তারা বিষয়টি নিয়ে কাজ করছেন। আশা করছি, তাঁরা একটি দিন খুঁজে বের করবে।’
নিউইয়র্ক থেকে আমাদের প্রতিনিধি জানান, হাসিনা ও মোদির বৈঠক চলে প্রায় ১৫ মিনিট।
এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি দীপু মনি ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মোমেন উপস্থিত ছিলেন।