বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নিতে হলে তিস্তার পানিবণ্টন চুক্তি ও সীমান্ত চুক্তি বাস্তবায়নের মতো অমীমাংসিত বিষয়গুলো দিল্লিকে দ্রুত বাস্তবায়ন করতে হবে।
গতকাল শুক্রবার ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত দুই দেশের হাইকমিশনারদের প্রথম শীর্ষ সম্মেলনে সাবেক কূটনীতিকেরা এই অভিমত দেন। তাঁরা দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ার স্বার্থে পারস্পরিক আস্থা ও বিশ্বাস স্থাপনের পাশাপাশি পারস্পরিক স্বার্থে পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। এ ছাড়া দ্বিপক্ষীয় অমীমাংসিত সমস্যা সমাধানে দুই দেশের রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠা জরুরি বলে তাঁরা মন্তব্য করেন।
ভারত-বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় ঢাকায় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ গতকাল নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সম্মেলনের আয়োজন করে। উদ্বোধনী অধিবেশন শেষে তিনটি কর্ম-অধিবেশনে অতীত থেকে শিক্ষা, বর্তমান সময়ের প্রতিবন্ধকতা এবং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়।
উদ্বোধনী অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে সূচনা বক্তৃতা দেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও প্রকল্প পরিচালক ইমতিয়াজ আহমেদ এবং শুভেচ্ছা বক্তৃতা দেন বিভাগের চেয়ারপারসন আশিকা ইরশাদ।
কর্ম-অধিবেশনে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনাররা দ্রুত তিস্তা চুক্তি সই ও সীমান্ত চুক্তি বাস্তবায়নের পাশাপাশি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে বাংলাদেশের নিরস্ত্র লোকজনের প্রাণহানি বন্ধের তাগিদ দেন। অন্যদিকে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনাররা নিরাপত্তা, অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ, বাণিজ্য, ট্রানজিট ও জ্বালানি সহযোগিতার ওপর গুরুত্ব দেন।
ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার আই এস চাধা বলেন, ভারতের নিরাপত্তাজনিত উদ্বেগ দূর করে বাংলাদেশ যে সদিচ্ছা দেখিয়েছে, ভারত তার প্রতিদান দিতে ব্যর্থ হয়েছে। ভারতের উচিত জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার মাধ্যমে তিস্তা আর সীমান্ত চুক্তির মতো অমীমাংসিত বিষয়গুলোর সুরাহা করা।
ভারতের সাবেক পররাষ্ট্রসচিব মুচকুন্দ দুবেও বলেন, সম্পর্ককে এগিয়ে নিতে হলে ভারতের জন্য তিস্তা ও সীমান্ত চুক্তির মতো বিষয়গুলো দ্রুত সুরাহা করতে হবে। দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রায় নিতে তিনি অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে তাগিদ দেন।
মুচকুন্দ দুবে মনে করেন, আগামী দিনে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হবে পানিবণ্টনের বিষয়টি।
বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ফারুক চৌধুরী বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বিশ্বাস ও আস্থা, ধারণা ও বাস্তবতা, পারস্পরিক শ্রদ্ধা এবং সুফল—এ চারটি বিষয় গুরুত্বপূর্ণ। পারস্পরিক আস্থা সৃষ্টির জন্য দুই দেশের সরকারের মধ্যে নিয়মিত আলোচনার পাশাপাশি দুই দেশের জনগণের যোগাযোগ বাড়ানোর ভালো পন্থা খুঁজে বের করা জরুরি।
সাবেক পররাষ্ট্রসচিব ফারুক সোবহান বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে অনেক অগ্রগতি হলেও পারস্পরিক আস্থা ও বিশ্বাসের বিষয়টি এখনো বড় সমস্যা হিসেবে রয়ে গেছে।
বাংলাদেশের সাবেক হাইকমিশনার মোস্তফা ফারুক মোহাম্মদ বলেন, পারস্পরিক সুফল নিশ্চিত করতে পানিবণ্টন, সীমান্ত চুক্তি বাস্তবায়ন ও আন্তসীমান্ত সন্ত্রাসের মতো অমীমাংসিত বিষয়গুলো ভারতের সমাধান করা উচিত।
ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, নিরাপত্তা ও জঙ্গিবাদের ঝুঁকি কীভাবে মোকাবিলা করা হবে, সেটির ওপর নির্ভর করছে বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ। তাই আগামী দিনে গোয়েন্দা সহযোগিতা প্রতিষ্ঠার পাশাপাশি সাইবার ক্রাইম মোকাবিলার পথ খুঁজে বের করতে হবে।
উদ্বোধনী অধিবেশন: দুই দেশের সাবেক হাইকমিশনাররা দিনের কর্ম-অধিবেশনে সম্পর্ক এগিয়ে নিতে চুক্তি বাস্তবায়ন আর পারস্পরিক আস্থা জোরদারের তাগিদ দিলেও উদ্বোধনী অধিবেশনের প্রধান অতিথি এ এইচ মাহমুদ আলী দুই দেশের সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ভারতের সম্প্রতি সরকার পরিবর্তনের পরও দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাচ্ছে।
মাহমুদ আলী বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক সময়ের আবর্তে ‘জটিল ও বহুমাত্রিক’ একটি ‘সমন্বিত রূপ’ পেয়েছে। এক দশক আগেও গুরুত্ব পেত না—এমন সব ক্ষেত্রেও এখন দুই দেশের সহযোগিতা বিস্তৃত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, খোলা মন নিয়ে চেষ্টা করলে সব সমস্যার সমাধান সম্ভব।