তিস্তা ক্যানেলের পানিতে ৯০ একর জমি জলাবদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তা ক্যানেলের পানি ঢুকে রংপুরের তারাগঞ্জ উপজেলার নিলবাড়ীর দোলায় ৯০ একর জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর মধ্যে প্রায় তিন একর জমির বোরো বীজতলা নষ্ট হয়ে গেছে। নয় একর জমির বীজতলা পানিতে তলিয়ে আছে।
এ ঘটনায় ৪৫ জন কৃষক গত বুধবার সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীকে লিখিত অভিযোগ দেন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার ওপর দিয়ে তিস্তা ক্যানেল চলে গেছে। কুর্শা ইউনিয়নের ওই ক্যানেলের পশ্চিম দিকে কাজীপাড়ার দোলা ও পূর্ব দিকে নিলবাড়ীর দোলা। বর্ষায় কাজীপাড়ার দোলার পানি নিলবাড়ীর দোলা দিয়ে যমুনেশ্বরী নদীতে নিষ্কাশনের জন্য ব্যবস্থা নেয় সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ড। নিলবাড়ীর দোলার কাছে ক্যানেলের নিচ দিয়ে একটি সাইফোন স্থাপন করা হয়েছে। কিন্তু পাথর-বালু-সিমেন্ট সরে সাইফোনের নিচে ফুটো হয়ে সেখান দিয়ে নিলবাড়ীর দোলায় পানি জমতে থাকে। এতে ১২ একর জমির বীজতলা পানিতে তলিয়ে যায়। ৫০ একর জমি জলাবদ্ধ হয়ে থাকায় সেখানে বোরো ধান লাগাতে পারছেন না কৃষকেরা। বাকি ২৮ একরেও পানি জমেছে।
গতকাল সরেজমিনে দেখা যায়, জমিগুলো পানিতে তলিয়ে আছে। অনেক জমির বীজতলা নষ্ট হয়ে গেছে। কোথাও বোরো ধান ডুবে আছে।
ডাঙাপাড়া গ্রামের কৃষক মজিবর রহমান বলেন, ‘ওই দোলায় মোর পাঁচবিঘা জমি আছে। সাইফোন ভাঙ্গি যেয়া ক্যানেলের পানি ঢুকি জমিগুলাত মোর এক হাঁটুপানি জমি আছে। পানির জন্যে ওয়া গারা যায়ছে না।’ একই কথা বলেন ওই গ্রামের কৃষক অহিদুল ইসলাম, আমজাদ হোসেন, রবিউল ইসলাম, গোলাম রব্বানী ও নুর বকস।
অনন্তপুর গ্রামের কৃষক মহসিন আলী অভিযোগ করেন, ‘১২ শতক জমির বীজতলা নষ্ট হইছে। পাঁচ দিন আগোত পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ারক অভিযোগ করা হইছে। তাও দোলাত পানি ঢুকা বন্ধে ব্যবস্থা নেয়ছে না।’
উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম বলেন, গতকাল সরেজমিনে দেখেছি, নিলবাড়ীর দোলায় ৯০ একর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অন্য বীজতলাগুলো রক্ষার জন্য উঁচু করে আইল বেঁধে বীজতলা থেকে পানি সরিয়ে ফেলার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল শহিদ মুঠোফোনে বলেন, তিনি অভিযোগ পাননি। খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছেন।