
ভারতের দুজন প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসে তিস্তা চুক্তির ব্যাপারে আশ্বাস দিয়ে গেছেন। তাই এই চুক্তি অবশ্যই হবে। প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে বা এর পরে অন্য যেকোনো সময়ে এই চুক্তি হতে পারে।
গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এক কর্মশালায় পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন।
বাংলাদেশে পানিসম্পদের বর্তমান অবস্থা নিয়ে আয়োজিত ওই কর্মশালার আয়োজন করে পানিসম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো) এবং ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম)।
কর্মশালায় সমীক্ষা প্রতিবেদন তুলে ধরে আইডব্লিউএমের পরিচালক মাহবুবুর রহমান বলেন, উপকূলের ১২৭টি উপজেলায় লবণাক্ততা প্রকোপ দেখা দিয়েছে। গঙ্গা ব্যারাজের মাধ্যমে লবণাক্ততা দূর করা যাবে। এ ছাড়া ব্রহ্মপুত্র ব্যারাজের মাধ্যমে মধ্যাঞ্চলে সেচের পানির সরবরাহ বৃদ্ধি, ক্ষুদ্র সেচ প্রকল্পগুলোর মাধ্যমে ভূগর্ভের পানির ওপর চাপ কমানো এবং বৃষ্টির পানি দিয়ে নালার মাধ্যমে সেচ কার্যক্রম পরিচালনা করা যাবে। দেশের অঞ্চলভিত্তিক পানিসম্পদ উন্নয়নের জন্য ছয়টি প্রকল্পে ১ হাজার ৩০০ কোটি ডলার প্রয়োজন বলে সমীক্ষায় উল্লেখ করা হয়।