তিস্তা চুক্তি ও সীমান্ত সমস্যা দ্রুত সমাধানে অগ্রাধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকে পানিবণ্টন, যোগাযোগ, বাণিজ্যসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আজ শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠেয় এ বৈঠকে নেতৃত্ব দেবেন দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। জেসিসির এ দ্বিতীয় বৈঠকে যোগ দিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ আজ সকালে ঢাকায় আসছেন। ২০১১ সালের সেপ্টেম্বরে দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীদের সই করা উন্নয়ন সহযোগিতা রূপরেখা চুক্তি অনুযায়ী জেসিসি গঠন করা হয়। বৈঠক নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের কথা রয়েছে। এগুলো হচ্ছে আখাউড়া-আগরতলা রেললাইন স্থাপন, গবেষণা সংস্থা বাংলাদেশ-ভারত ফাউন্ডেশন এবং দ্বৈতকর পরিহারসংক্রান্ত সমঝোতা স্মারক। ওই কর্মকর্তা বলেন, জেসিসি বৈঠকের পর দুই দেশের মধ্যে সই হওয়া গুচ্ছ মানচিত্র বিনিময় হবে।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তিস্তা চুক্তি দ্রুত সই ও অবিলম্বে ’৭৪-এর সীমান্ত চুক্তির প্রটোকল বাস্তবায়নে ভারতকে তাগিদ দেবে বাংলাদেশ। পাশাপাশি উপ-আঞ্চলিক সহযোগিতার আওতায় বিদ্যুৎ খাতে অর্থবহ সহযোগিতার অনুরোধ জানাবে ভারতকে। নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানির জন্য ভারতের কাছে করিডোর চাইতে পারে বাংলাদেশ।বাংলাদেশের অগ্রাধিকার এবং ট্রানজিট: পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ দ্রুত তিস্তা চুক্তি সই ও সীমান্ত প্রটোকল বাস্তবায়নে তাগিদ দেবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন, ভারতের কেন্দ্রীয় নেতৃত্ব বারবার আশ্বাস দিলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তার বিষয়ে না আগানোর আভাস দিয়েছেন। এ প্রেক্ষাপটে তিস্তা বিষয়ে ভারতের অবস্থান সুস্পষ্টভাবে জানতে চাইবে বাংলাদেশ। সীমান্ত প্রটোকল সইয়ের প্রায় দেড় বছর পর ১৩ ফেব্রুয়ারি সংবিধান সংশোধনের উদ্দেশ্যে তা ভারতের মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। এ প্রেক্ষাপটে সীমান্ত প্রটোকল দ্রুত বাস্তবায়নের তাগিদ দেবে বাংলাদেশ। এ ছাড়া বিদ্যুৎ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি নেপালকে নিয়ে উপ-আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নিতে চায় বাংলাদেশ। ট্রানজিটের বিষয়ে অগ্রগতি প্রসঙ্গে জানতে চাইলে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, তিস্তা চুক্তি না হলে ট্রানজিট বাস্তবায়িত হবে না। বাংলাদেশ নেপাল ও ভুটানকে নিয়ে সমন্বিত উপায়ে ভারতকে ট্রানজিট দেওয়ার পক্ষপাতি। এ নিয়ে তাড়াহুড়া করতে আগ্রহী নয়। আখাউড়া-আগরতলা রেললাইন: সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, রেললাইন চালুর জন্য এ দেশের অংশে জমি অধিগ্রহণের দায়িত্ব বাংলাদেশ সরকারকে নিতে হবে। তবে ক্ষতিপূরণের টাকা ভারত মঞ্জুরি হিসেবে দেবে। দিল্লি শীর্ষ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সম্পূর্ণ ভারতীয় মঞ্জুরির টাকায় এ রেল সংযোগ প্রকল্প বাস্তবায়নের কথা। সংশ্লিষ্ট একজন কূটনীতিক বলেন, দিল্লি শীর্ষ বৈঠকের যৌথ ঘোষণার ২৪ অনুচ্ছেদে বলা হয়েছে, এ সিদ্ধান্ত হয়েছে যে প্রস্তাবিত আখাউড়া-আগরতলা রেলসংযোগ ভারতীয় মঞ্জুরির টাকায় বাস্তবায়িত হবে।‘আখাউড়া-আগরতলা রেললাইন স্থাপনের জন্য রেল অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমঝোতা স্মারক’ শীর্ষক ১৬ ধারাবিশিষ্ট এমওইউর ধারা ২তে বলা হয়েছে, সম্পূর্ণ ভারতীয় আর্থিক ও কারিগরি সহায়তায় এ প্রকল্প বাস্তবায়িত হবে। ধারা ৫-এ বলা হয়েছে, প্রকল্পের বাংলাদেশ অংশে বাস্তবায়নকারী প্রতিষ্ঠানকে জমি ও আনুষঙ্গিক সুবিধাদি দেবে বাংলাদেশ সরকার।