তিস্তা চুক্তি ত্বরান্বিত করার ওপর জোর দেবেন শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ শীর্ষ সম্মেলনে তিস্তা চুক্তি ত্বরান্বিত করার ওপর জোর দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি অভিন্ন নদীগুলোর অববাহিকার যৌথ ব্যবস্থাপনার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে বলে জানা গেছে।

ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আরব সাগরতীরের রাজ্য গোয়ায় আজ শনিবার দুদিনের এ সম্মেলন শুরু হচ্ছে। সম্মেলনের প্রতিপাদ্য হলো ‘ব্রিকস-বিমসটেক: একটি অংশীদারত্বের সুযোগ’।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানের একটি ফ্লাইটে কাল রোববার সকাল আটটায় ঢাকা ছাড়বেন এবং সকাল ১০টা ৪৫ মিনিটে (ভারতীয় সময়) গোয়া পৌঁছাবেন। বিকেলে বিমসটেক লিডারস রিট্রিট এবং ব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন তিনি। সোমবার সকালেই ঢাকায় ফিরে যাবেন। এ সময়ের মধ্যে বহুপক্ষীয় এই সম্মেলনের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠকে অংশ নেওয়ার কথা।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী ছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চান ও চাঁ এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমসটেকের ঢিমেতেতালা গতিতে পাখনা জুড়ে দিতে আগ্রহী। প্রধানমন্ত্রী চান প্রতি দুই বা তিন বছর অন্তর বিমসটেকের শীর্ষ সম্মেলন নিয়মিত অনুষ্ঠিত হোক। কারণ, সহযোগিতার ক্ষেত্র বিস্তারে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে দক্ষিণ এশিয়ার সেতুবন্ধের কাজটি করবে এই বিমসটেকই।’

দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশ বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান বিমসটেকের সদস্য। হাইকমিশনার বলেন, মালদ্বীপ ও আফগানিস্তানকে বিমসটেকে যুক্ত করার কোনো প্রস্তাব ভবিষ্যতে এলে বাংলাদেশ তা খোলা মনে বিবেচনা করবে।

ব্রিকস-বিমসটেক যুগলবন্দীর প্রকাশ্য ও ঘোষিত লক্ষ্য অর্থনৈতিক অগ্রগতি ও সার্বিক সহযোগিতা হলেও এবারের সম্মেলনে পাকিস্তান-উদ্ভূত সন্ত্রাসের প্রসঙ্গটি আলোচনায় থাকছে। দুদিন ধরে এই দুটি সংগঠনের সদস্যদেশগুলোর মধ্যে যে মেলামেশা হতে চলেছে, তাতে ঘোষিত লক্ষ্যকে ছাপিয়ে নিভৃতে বড় হয়ে উঠতে চলেছে পাকিস্তানকে আরও একঘরে করে তোলার প্রয়াস।

মাত্র কদিন আগে ভারত সফরে আসা বাংলাদেশের সাংবাদিকদের একটি প্রতিনিধিদলকে এই যুগলবন্দীর সম্ভাব্য একটি ইঙ্গিত দিয়েছিলেন ভারতের সাবেক কূটনীতিক পিনাক রঞ্জন চক্রবর্তী। বাংলাদেশে নিযুক্ত ভারতের এই সাবেক হাইকমিশনার সোজাসাপ্টা জানিয়েছিলেন, পাকিস্তানের জন্যই সার্কের ভবিষ্যৎ ক্রমে অনিশ্চিত হয়ে পড়ছে। পাকিস্তানও ক্রমেই ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে পরিচিত হতে চলেছে। কাজেই দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলোকে হাতে হাত ধরে এগোতে হলে বিমসটেককেই আঁকড়ে ধরতে হবে। এ ছাড়া অন্য কোনো উপায় নেই। প্রকাশ্যে কেউ স্বীকার না করলেও এটিই হতে চলেছে এই দুই আন্তর্জাতিক সম্মেলনের আবহ সংগীত। তার পাশাপাশি চলবে দ্বিপক্ষীয় আলোচনা, আজ যার সূচনা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিকসের এই আসরে ভারত-রাশিয়ার মধ্যে অন্তত ১৫টি বিষয়ে চুক্তি হতে চলেছে, যেগুলোর অন্যতম হলো প্রতিরক্ষা ও পরমাণু বিদ্যুৎ-সংক্রান্ত।

চীনের প্রেসিডেন্টের সফর শুরুর ঠিক আগে দেশটির সরকারনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ব্রহ্মপুত্রের পানিপ্রবাহ নিয়ে ভারত ও বাংলাদেশের সঙ্গে বোঝাপড়ার একটা প্রস্তাব রেখেছে। সেই প্রস্তাব নিয়েও চীনের প্রেসিডেন্টের সঙ্গে আগ্রহী মোদি কথা বলবেন বলে সরকারি সূত্রের খবর। চীনের এই ইঙ্গিত বাংলাদেশকেও উৎসাহ দেবে।

সার্কের আট সদস্যদেশের মধ্যে ভারত, বাংলাদেশ, ভুটান ও আফগানিস্তান একই দিনে ইসলামাবাদে শীর্ষ সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। পরে সেই সিদ্ধান্তের শরিক হয় শ্রীলঙ্কা ও মালদ্বীপ। বন্ধ হয়ে যাওয়া সেই শীর্ষ সম্মেলন কবে ও কোথায় শুরু হতে পারে, বিমসটেকের এই আসরে সার্ক সদস্যদেশগুলো তা জানা ও বোঝার চেষ্টা করবে। কিন্তু সেই চেষ্টাকে ছাপিয়ে যেটা বড় হয়ে উঠতে চলেছে, তা হলো সার্কের দুই সদস্য মালদ্বীপ ও আফগানিস্তানকে বিমসটেকে সদস্য করা নিয়ে নিভৃত আলোচনা। প্রচেষ্টা বাস্তবায়িত হলে দক্ষিণ এশিয়ার জোটবদ্ধতার ভবিষ্যৎ ছবিটা কী দাঁড়াবে? পাকিস্তানকে বাইরে রেখে এই উপমহাদেশের বাকি দেশগুলোর নিবিড় ঐক্য।