আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ ওবায়দুল কাদের বলেছেন, ‘তিস্তার পানি বণ্টন চুক্তি না হওয়ার দায় আমাদের নয়, ভারতের।’ গতকাল সোমবার সকালে পঞ্চগড় সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, শুধু তিস্তা ও ফেনী নয়, অভিন্ন ৫৪টি নদীর পানি বণ্টন সমতার ভিত্তিতে হবে। এ জন্য কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে।ছিটমহল বিনিময় প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এ নিয়ে দুই দেশেরই উদ্বেগ রয়েছে। কেটে গেছে ৩৭টি বছর। এখন বরফ গলতে শুরু করেছে। ছিটমহল বিনিময়ে প্রটোকল সই হয়েছে। আমরা বিরাজমান সমস্যাগুলো সমাধানে প্রস্তুত। তবে ভারতকে উদার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।’যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দিন-তারিখ ধরে যুদ্ধাপরাধীদের বিচার করা যায় না। পৃথিবীর কোনো দেশে এমন নজির নেই। এ নিয়ে মন্ত্রীরা কে কী বললেন, তা নিয়ে কথা বলতে চাই না।’বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, ‘জাতীয় ও জনগণের স্বার্থে আমরা বন্ধুত্ব চাই। ভারতবিরোধী জুজুর ভয় দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিরোধী দল।’ এ সময় অন্যান্যের মধ্যে পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা নাঈমুজ্জামান ভূঁইয়া, জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া, পুলিশ সুপার শাহারিয়ার রহমান ও আওয়ামী লীগের নেতা আবু তোয়াবুর রহমান উপস্থিত ছিলেন।