বাংলাদেশ-ভারত সীমান্ত বিল বাস্তবায়নের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবগঠিত স্ট্যান্ডিং কমিটিতে বিবেচিত হবে। আর তিস্তা পানি বণ্টনের চুক্তি নিয়ে সরকার ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা জারি রেখেছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সরকারের ১০০ দিন পূর্তিতে তাঁর মন্ত্রণালয়ের কাজের খতিয়ান দেওয়ার সময় আজ সোমবার সাংবাদিকদের এসব কথা জানান। সেই সঙ্গে তিনি বলেন, উলফা নেতা অনুপ চেটিয়ার প্রত্যাবর্তনের জন্য দেশ অপেক্ষায় রয়েছে। যদিও এ ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়সীমা ধার্য হয়নি।
পররাষ্ট্রমন্ত্রী জানান, চলতি মাসের ২০ তারিখে বাংলাদেশ-ভারতের যুগ্ম পরামর্শদাতা কমিশনের (জেসিসি) যে বৈঠক শুরু হবে সেখানে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়েই কথা হবে। তিনি বলেন, সীমান্ত বিল রাজ্যসভায় আগেই পেশ হয়েছে। সেটি স্ট্যান্ডিং কমিটির বিবেচনাধীন। বিলটি রাজ্যসভায় পেশ হওয়ার পর লোকসভার ভোট হয়। নতুন সরকার গঠিত হওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটি নতুনভাবে গঠিত হয়েছে। কংগ্রেসের শশী থারুর এই কমিটির চেয়ারম্যান। কমিটির বিবেচনার ওপরই নির্ভর করছে বিলটির ভাগ্য। তিস্তা চুক্তির বিষয়ে ঐকমত্যের চেষ্টার কথা মন্ত্রী বললেও সেই ভাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির কোনো নেতার এখনো অবশ্য কোনো কথা হয়নি।
অনুপ চেটিয়াকে দ্রুত পাওয়ার বিষয়ে ভারত আগ্রহী। সুষমা অবশ্য বলেন, উলফা নেতার প্রত্যাবর্তন নিয়ে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। আশা করা যায়, শিগগিরই তা কার্যকর হবে। অনুপ্রবেশের বিষয় বিজেপির কাছে অত্যন্ত স্পর্শকাতর। নির্বাচনের আগে ও পরে এই নিয়ে বিজেপির বিভিন্ন নেতা সরব। সে নিয়ে প্রশ্ন করা হলে সুষমা জানান, ঢাকা সফরের সময়ই এই বিষয় নিয়ে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেছিলেন।
বাংলাদেশ বিদ্যুত্ পাবে
ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানায় বিদ্যুেকন্দ্র স্থাপনে বাংলাদেশ সহায়তা করলেও প্রতিশ্রুতি মতো বাংলাদেশে এখনো বিদ্যুত্ বিক্রি শুরু করা হয়নি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার এ বিষয়ে প্রথম আলোর কাছে খেদ প্রকাশ করেছেন। সংবাদ সম্মেলন শেষে পররাষ্ট্রমন্ত্রীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিদ্যুত্ বাংলাদেশ পাবে। আমি ঢাকা সফরের সময়েই তা জানিয়ে এসেছি।’
আমেরিকা-চীন-পাকিস্তানকে বলেছি, সম্পর্ক একতরফা নয়
সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সুষমা তাঁর মন্ত্রণালয়ের সাফল্যের কথা উল্লেখ করে বলেন, সরকারের বিদেশনীতির তিনটি বিশেষত্ব। শক্তিশালী, অতি সক্রিয় ও সংবেদনশীলতা। তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্ক একতরফা হতে পারে না। সেটা আমরা পাকিস্তান, চীন ও আমেরিকা তিন শক্তিশালী দেশকেই বুঝিয়ে দিয়েছি।’ পাকিস্তানকে যেমন বলা হয়েছে, হয় তারা সরকারের সঙ্গে কথা বলুক, না হয় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে। আমেরিকাকে বলা হয়েছে, ভারতকে তারা বন্ধু বলবে অথচ ভারতীয় নেতাদের ওপর গোপনে নজরদারি করবে, তা চলবে না। চীনকে বলা হয়েছে, তারা যেমন তাইওয়ান প্রশ্নে সংবেদনশীল, ভারতও তেমন অরুণাচল নিয়ে সংবেদনশীল। অতএব ভারতের সংবেদনশীলতার প্রতি তাদের শ্রদ্ধাশীল হতে হবে। চীন প্রসঙ্গে সুষমা জানান, ওই দেশটির সঙ্গে ভারতের সম্পর্ক সহযোগিতা ও প্রতিযোগিতার।
পাকিস্তানের সঙ্গে বন্ধ হয়ে যাওয়া দ্বিপক্ষীয় আলোচনা আদৌ শুরু হবে কি না, জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত তার আগ্রহের প্রমাণ তিন তিনবার দিয়েছে। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে শপথ গ্রহণে আমন্ত্রণ জানিয়ে, আটারি-ওয়াঘা সীমান্তে বাণিজ্য শুরু করার প্রস্তাব দিয়ে এবং দ্বিপক্ষীয় আলোচনায় ইসলামাবাদে যেতে চেয়ে।
কাদের তারা বাছবে সেটা তাদের ব্যাপার। এই বিরতি যে শেষ কথা নয়, তা বুঝিয়ে তিনি বলেন, রাজনীতি-কূটনীতিতে কমা, সেমিকোলনই চিরন্তন। পূর্ণচ্ছেদ বলে কিছু নেই।