তিস্তা চুক্তি নিয়ে মনমোহন আশাবাদী: দীপু মনি

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশের সঙ্গে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি স্বাক্ষর এবং সীমান্ত চুক্তি বাস্তবায়নের ব্যাপারে আশা প্রকাশ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আজ শুক্রবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করেন। এ সময় মনমোহন সিং এই আশাবাদ ব্যক্ত করেন বলে পররাষ্ট্রমন্ত্রী জানান। খবর বাসসের।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত প্রত্যাশা করে বাংলাদেশে সেক্যুলার গণতান্ত্রিক সরকার থাকবে এবং দুই দেশের সম্পর্ক যে পর্যায়ে পৌঁছেছে তা বজায় থাকবে।
আলোচনাকালে পররাষ্ট্রমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী দুই দেশের সরকারের মধ্যে নেওয়া প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নের জন্য সন্তোষ প্রকাশ করেন। বৈঠকে জানানো হয়, টিপাইমুখের যৌথ সমীক্ষা শেষ হয়েছে। সেখানে ভারত-বাংলাদেশ যৌথভাবে পাওয়ার প্লান্ট নির্মাণ করবে। এতে দুই দেশই লাভবান হবে।