তিস্তা চুক্তি নিয়ে অবস্থান জানাবেন মোদিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রোববার সন্ধ্যায় দিল্লি আসছেন। সোমবার বৈঠক। এই বৈঠকে নিজের রাজ্যের দাবিদাওয়া ছাড়াও বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে মমতা তাঁর অবস্থানের কথা প্রধানমন্ত্রীকে জানাবেন।
সম্প্রতি বাংলাদেশ সফরের পর সফরবৃত্তান্ত নিয়ে প্রধানমন্ত্রীকে মমতা যে চিঠি লিখেছিলেন, তাতে তিস্তা প্রসঙ্গে তাঁর সহযোগিতার বিষয়টি উল্লেখ করেছিলেন। সে চিঠিতেই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেন।
নতুন সরকারের নয় মাস পার হলেও মমতা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাননি। আনুষ্ঠানিক বৈঠক করেননি। এমনকি প্রধানমন্ত্রীর ডাকা মুখ্যমন্ত্রীদের কোনো সম্মেলনেও উপস্থিত হননি। সেই দিক থেকে সোমবারের বৈঠকটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক শত্রুতা ভুলে মমতা যে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সখ্য গড়ে তুলতে চাইছেন, সংঘাতের রাজনীতি ছেড়ে সহযোগিতার রাজনীতিতে ফিরতে চাইছেন—সেই বার্তা কিছুদিন ধরেই মমতা দিয়ে আসছেন। নির্ধারিত বৈঠকটি এই দিক থেকে অর্থবহ ও ইঙ্গিতবাহী।
ইঙ্গিতবাহী এ কারণে, এই প্রথম মমতা তিস্তা চুক্তি নিয়ে তাঁর ভূমিকা প্রধানমন্ত্রীর কাছে স্পষ্ট করবেন। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে গিয়ে প্রকাশ্যে তিস্তা নিয়ে তাঁর ওপর ভরসা রাখার কথা শুনিয়ে এসেছিলেন। বলেছিলেন, এই চুক্তি নিয়ে দুশ্চিন্তা না করতে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তিনি আশ্বাস দিয়ে বলেছিলেন, চুক্তি বাস্তবায়ন করতে তিনি বাধা হবেন না। রাজনৈতিক এই অবস্থান স্পষ্ট হলেও চুক্তির খুঁটিনাটি নিয়ে তাঁর কী অবস্থান, কতটা তিনি ছাড়তে পারবেন, বাংলাদেশের জন্য কতটা পানি দিতে স্বীকৃত হবেন—তা জানা কেন্দ্রীয় সরকারের জন্য জরুরি। অর্থাৎ, চার বছর আগের যে চুক্তিকে তিনি প্রত্যাখ্যান করেছিলেন, কী করলে তা দুই দেশের কাছে গ্রহণযোগ্য হবে, তার একটা রূপরেখা জানা কেন্দ্রের জন্য জরুরি, যাতে বিষয়টি নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা নতুন করে এগোনো যায়। এই বৈঠককে তাই থমকে থাকা কূটনৈতিক প্রক্রিয়ার শুরু বলে মনে করা হচ্ছে।
কেন্দ্র অথবা রাজ্য দুই পক্ষের কেউই অবশ্য তিস্তা নিয়ে তাড়াহুড়া করতে রাজি নয়। বরং দ্বিপক্ষীয় সম্পর্কের খচখচানি দূর করতে ধাপে ধাপে এগোনোরই পক্ষপাতী। সরকারের এক সূত্র অনুযায়ী, বাজেট অধিবেশনে সীমান্ত চুক্তির বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল পাস করানোটা প্রথম কাজ। সেই কাজ হয়ে গেলে, প্রধানমন্ত্রী মোদির বাংলাদেশ সফরের তোড়জোড় শুরু হবে।